
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে এখনো মাত্র তিনটি করে ম্যাচ খেলেছে দলগুলো। এত তাড়াতাড়ি শিরোপা নিয়ে নিশ্চিত কিছু বলা না গেলেও ভবিষ্যদ্বাণী করছেন অনেকে। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
জার্মান পত্রিকা বিল্ড-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে জানিয়েছেন, প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে তার চোখে কোন দলগুলো এগিয়ে। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের দুর্দান্ত শুরুকে তিনি আলাদা করে প্রশংসা করেছেন। তিন ম্যাচে টানা জয়ের মধ্যে আর্সেনালের বিপক্ষে বড় জয়ের কথাও উল্লেখ করেছেন তিনি।
তবে লিভারপুলের পাশাপাশি আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির কথাও বলেছেন এমবাপ্পে। তার ভাষায়, আমার আর্সেনাল নিয়েও অনেক আশা আছে। দলের মূল খেলোয়াড়েরা দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছে, যা ফুটবলে খুব গুরুত্বপূর্ণ। আর পেপ গার্দিওলা ও আর্লিং হালান্ড থাকায় ম্যানচেস্টার সিটিও সবসময় শিরোপার দৌড়ে থাকে।
ফেভারিট হিসেবে কাকে দেখছেন এমন প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেন, কঠিন প্রশ্ন। হয়তো আর্সেনাল হতে পারে এটাই তাদের বছর। সিটি বা লিভারপুলের নাম বলা তো অনেক সহজ।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এমবাপ্পের রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল আর্সেনাল। তবুও আর্সেনালকেই ফেবারিটের তালিকায় রেখেছেন তিনি।
একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগ নিয়েও মন্তব্য করেছেন এমবাপ্পে। তার মতে, আমি সবসময় রিয়াল মাদ্রিদের নাম বলি। তবে ইউরোপে অনেক ভালো দল আছে। গত বছর নতুন ফরম্যাটে দারুণ প্রতিযোগিতা হয়েছে, এ বছর আরও জমজমাট হবে। শেষ পর্যন্ত কে জিতবে, তা দেখার অপেক্ষায় আছি।
আরটিভি/এসকে/এস




