
আসন্ন নারী বিশ্বকাপকে ঘিরে ইতিহাস গড়ল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথমবারের মতো বিশ্বকাপে সব ম্যাচ অফিসিয়াল নারী হিসেবে দায়িত্ব পালন করবেন। আইসিসি প্রকাশিত তালিকায় আছেন মোট ১৮ জন নারী অফিসিয়াল এর মধ্যে ১৪ জন আম্পায়ার ও ৪ জন ম্যাচ রেফারি।
বাংলাদেশের জন্য বিশেষ গৌরবের বিষয় হলো, এই তালিকায় স্থান পেয়েছেন একমাত্র বাংলাদেশি আম্পায়ার সাথিরা জাকির জেসি। তার সঙ্গে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ক্লেয়ার পোলোসাক, জ্যাকুলিন উইলিয়ামস, সু রেডফার্ন, লরেন এগেনব্যাগ, কিম কটনসহ আরও অনেকে।
অন্যদিকে ম্যাচ রেফারি হিসেবে থাকছেন ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিটজ, জি.এস. লক্ষ্মী এবং মিচেল পেরেইরা।
এ প্রসঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, এটি নারী ক্রিকেটের যাত্রায় একটি মাইলফলক, যা খেলার প্রতিটি ক্ষেত্রে আরও বহু দৃষ্টান্ত স্থাপন করবে। নারী ম্যাচ অফিসিয়ালদের অন্তর্ভুক্তি কেবল একটি মাইলফলক নয়, বরং ক্রিকেটে লিঙ্গসমতার প্রতি আইসিসির অবিচল অঙ্গীকারের প্রতিফলন।
ম্যাচ অফিসিয়ালদের পূর্ণাঙ্গ তালিকা:
আম্পায়ার: সাথিরা জাকির জেসি, বৃন্দা রাঠি, ক্যানদেস লা বোর্দে, সুই রেডফার্ন, কেরিন ক্লাস্তে, এলোইস শেরিদান, ক্লেয়ার পোসাক, লরেন অ্যাগেনবাগ, গায়ত্রী ভেনুগোপালান, নারায়ণ জননী, নিমালি পেরেরা, জ্যাকুলিন উইলিয়ামস, কিম কটন ও সারাহ ড্যামনেভানা।
ম্যাচ রেফারি: ট্রুডি অ্যান্ডারসন,শান্দ্রে ফ্রিৎজ,জি.এস. লক্ষ্মী, মিচেল পেরেইরা। নারী ক্রিকেট ইতিহাসে এই পদক্ষেপকে একটি নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে।
আরটিভি/এসকে




