
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ইতিহাসে প্রথমবার নারী আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিভি ও চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজের অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে। সিরিজের প্রথম ম্যাচে মাঠের আম্পায়ার থাকবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। আর টিভি আম্পায়ার থাকবেন মাসুদুর রহমান মুকুল। চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন জেসি।
দ্বিতীয় ম্যাচে (১ সেপ্টেম্বর) মাঠের আম্পায়ার থাকবেন মাসুদুর রহমান মুকুল ও তানভীর ইসলাম, টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন জেসি এবং চতুর্থ আম্পায়ার থাকবেন মোর্শেদ আলী খান।
তৃতীয় ম্যাচে (৩ সেপ্টেম্বর) মাঠে থাকবেন মাসুদুর রহমান মুকুল ও মোর্শেদ আলী খান, টিভি আম্পায়ার থাকবেন তানভীর আহমেদ, আর চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন জেসি।
সাথিরা জাকির জেসি এই সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক বড় মঞ্চে নিজেকে প্রস্তুত করবেন, যা আগামী নরী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এ তার জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। বিশ্বকাপ আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশসহ মোট ৮ দল অংশগ্রহণ করবে।
নেদারল্যান্ডস সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর।
আরটিভি/এসকে-এফএ




