
চলতি বছরের সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দলও। এরই মধ্যে প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রস্তুতিমূলক এই ম্যাচগুলো।
এবার বিশ্বকাপে শুধু খেলোয়াড় হিসেবেই নয়, বাংলাদেশের প্রতিনিধিত্ব হতে পারে আম্পায়ার হিসেবেও। আলোচনায় এসেছেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। সম্ভাবনা তৈরি হয়েছে, প্রথমবারের মতো বিশ্বকাপের ম্যাচে আম্পায়ার হিসেবে দেখা যেতে পারে তাকেও। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে আইসিসি আম্পায়ার বা ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ করেনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, জেসিকে নিয়ে তিনি আশাবাদী। তার ভাষায়, জেসি অনেকদিন ধরে ভালো করছে। সব জায়গায় সে আম্পায়ারিং করছে, প্রমাণও করেছে নিজেকে। তাকে নিয়ে কিন্তু কোনো ভুলের অভিযোগ নেই। সুতরাং আমি আশাবাদী তাকে বিশ্বকাপে দেখা যাওয়া নিয়ে।
এদিকে বাংলাদেশ নারী দল তাদের প্রস্তুতি ম্যাচ শুরু করবে ২৫ সেপ্টেম্বর। প্রথম দিনে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টাইগ্রেসদের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ‘এ’ দল। এরপর ২৭ সেপ্টেম্বর তারা মুখোমুখি হবে শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে। তবে এই প্রস্তুতি ম্যাচ ছাড়া টুর্নামেন্ট শুরুর আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশের মেয়েরা।
বিশ্বকাপের মঞ্চে খেলোয়াড়দের পাশাপাশি মাঠে আম্পায়ার হিসেবেও একজন বাংলাদেশি নারীর উপস্থিতি নিঃসন্দেহে দেশের ক্রিকেটের জন্য গর্বের বিষয় হয়ে উঠতে পারে। এখন শুধু অপেক্ষা আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার।
আরটিভি/এসকে/এস




