
সম্প্রতি জাতীয় দলের বাইরে রয়েছেন ভারতের কিংবদন্তি বিরাট কোহলি। টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় এশিয়া কাপের স্কোয়াডেও নেই এই ডান হাতি ব্যাটার। এ সময়টা লন্ডনে স্ত্রী ও সন্তানদের নিয়ে উপভোগ করছেন তিনি। এর মাঝেই বিরাট কোহলি ও তার স্ত্রীকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন ভারতীয় নারী দলের ক্রিকেটার জেমিমা রদ্রিগেজ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জেমিমা জানান, নিউজিল্যান্ডে একই সময়ে ভারতের নারী ও পুরুষ দলের সিরিজ চলছিল ভিন্ন দুই দলের বিপক্ষে। সেই সময় কোহলির কাছ থেকে পরামর্শ নিতে যান জেমিমা। সেখানে ছিলেন স্মৃতি মন্ধানাও।

হোটেলের একটি ক্যাফেতে দেখা হয়েছিল তাদের। আলোচনা চলাকালেই তাদের সঙ্গে যোগ দেন বিরাটের স্ত্রী আনুশকা। সে হোটেলেই ছিলেন তিনি। ধীরে ধীরে ক্রিকেট থেকে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে শুরু করেন তারা। আড্ডা জমে উঠেছিল, তখনই ঘটে ছন্দপতন।

জেমিমা বলেন, দেখে মনে হচ্ছিল আমরা ছোটবেলার বন্ধু, যাদের অনেক দিন পর দেখা হয়েছে। কিন্তু একটা কারণেই আমাদের এই আলোচনা থামাতে হয়েছিল। ক্যাফের লোকেরা আমাদের বের করে দিয়েছিল। প্রায় চার ঘণ্টা ধরে ওখানে বসেছিলাম। তাই ওরা আমাদের চলে যেতে বলে।
উল্লেখ্য, কোহলি-আনুশকার প্রথম দেখা হয়েছিল একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। তারপর থেকে তাদের মধ্যে মেলামেশা শুরু। সেই বন্ধুত্ব এক সময় ভালবাসায় পরিণত হয়। ২০১৭ সালে বিয়ের বন্ধনে এক হন তারকা এই জুটি।
আরটিভি/এসআর/এস




