
ভোলার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের নাম আমির হোসেন তালুকদার (৩৬)। তিনি লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং লালমোহন পৌর যুবলীগের সদস্য।
পুলিশ জানান, বৃহস্পতিবার আমির হোসেন ভোলা শহরের একটি আবাসিক হোটেলের তিনতলার একটি কক্ষ ভাড়া করে সেখানে রাত কাটান। পরদিন তিনি আর কক্ষ থেকে বের হননি। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। শুক্রবার রাতে পুলিশ দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ভোলার ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।
আরটিভি/এমএ




