
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী নির্বাচনের জন্য সাবেক ক্রিকেটারদের পক্ষ থেকে মনোনয়ন প্রস্তাব করা হয়েছে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) সম্প্রতি বিসিবিকে চিঠি পাঠিয়ে জানিয়েছে, তারা আসন্ন নির্বাচনে ক্যাটাগরি-৩-এর (৫ জন জাতীয় ক্রিকেট অধিনায়ক ও ১০ জন জাতীয় ক্রিকেট খেলোয়াড় প্রতিনিধি কাউন্সিলর) প্রতিনিধি মনোনীত করতে চায়।
কোয়াবের সদ্য নির্বাচিত সভাপতি মোহাম্মদ মিঠুনের বরাবর প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, ক্রিকেটারদের স্বীকৃত সংগঠন হিসেবে, আমরা বিশ্বাস করি বোর্ডের প্রশাসনিক কাঠামোর মধ্যে খেলোয়াড়দের মতামত ন্যায্য ও সঠিকভাবে প্রতিফলিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, বিসিবি আমাদের এই মনোনয়নগুলো গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
বিসিবির নির্বাচন ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। সভাপতি পদে লড়াই করবেন তামিম ইকবাল ও আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নুও নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
বিসিবির সাধারণ কাঠামো অনুযায়ী, ২৩টি পরিচালক পদের মধ্যে ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ১০ জন, ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ১২ জন, এবং ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজন নির্বাচিত হবেন। এর পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দু’জন পরিচালক বোর্ডে যুক্ত হবেন।
আরটিভি/এসকে




