
বাংলাদেশের উদীয়মান লেগস্পিনার রিশাদ হোসেন আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন না। দেশীয় লিগে না খেললেও মাঠ মাতাবেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে।
ক্যারিয়ারের উন্নতির লক্ষ্যে রিশাদ বিসিবির কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছিলেন। তার আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), দিয়েছে পুরো মৌসুমের এনওসি। ফলে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হতে যাওয়া বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে খেলতে পারবেন এই লেগস্পিনার।
এর আগের মৌসুমেও রিশাদকে দলে ভিড়িয়েছিল হোবার্ট হারিকেনস। তবে জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ও বিপিএলের ব্যস্ত সূচির কারণে বিসিবি তাকে ছাড়পত্র দেয়নি। এবার আর সেই বাধা থাকছে না। জানা গেছে, হোবার্টের হেড অব স্ট্র্যাটেজি রিকি পন্টিংয়ের পরামর্শেই ফ্র্যাঞ্চাইজিটি আবারও রিশাদকে দলে নিয়েছে।
অন্যদিকে, বিপিএলের আগামী আসর আয়োজন নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। আইএমজির সঙ্গে চুক্তির পরও হয়নি ফ্র্যাঞ্চাইজি নিলাম, প্লেয়ার্স ড্রাফট কিংবা সূচি প্রকাশ। সময়সূচীর এই জটিলতার কারণেই রিশাদ বিগ ব্যাশে খেলার দরজা খোলা রাখতে চেয়েছিলেন, যা অনুমোদন দিয়েছে বিসিবি।
আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে বিগ ব্যাশ। জাতীয় দলের হয়ে আলো ছড়ানো এই লেগস্পিনার সবশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে ভালো পারফরম্যান্স করেছেন।
এবার বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের জার্সিতেও রিশাদের সেই ধারাবাহিকতা দেখার প্রত্যাশায় আছেন সমর্থকরা।
আরটিভি/এসকে




