
ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ফেডারেশন কাপে বাংলাদেশ পুলিশকে হারিয়ে দারুণ শুরু মোহামেডান। উদ্বোধনী দিনের আরেক ম্যাচে ফর্টিজ এফসির কাছে পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশকে ৩-২ গোলে পরাজিত করেছে মোহামেডান। আর কিংস অ্যারেনায় স্বাগতিকদের ১-১ গোলে রুখে দিয়েছে ফর্টিজ এফসি।
এদিন প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল পুলিশ। দ্বিতীয়ার্ধে মোহামেডান আরও দুই গোল করে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। এদিন মোহামেডানের জয়ের নায়ক ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং।
প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে তিনি সাদা-কালো জার্সিতে নিজের প্রথম এবং বাংলাদেশে চলতি মৌসুমে প্রথম হ্যাটট্রিক করেন।
বোয়েটাং গত মৌসুমে রহমতগঞ্জের হয়ে খেলে ২১ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেয়েছিলেন। পুলিশের হয়ে ইসা ফয়সাল ও ড্যানিয়েল একটি করে গোল করেছিলেন প্রথমার্ধে।
অন্যদিকে কিংস অ্যারেনায় ফর্টিজ ও কিংসের মধ্যকার ম্যাচটি প্রথমার্ধে গোলশূন্য ড্র ছিল। দ্বিতীয়ার্ধের তিন মিনিটে কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন গোল করেন। ৮৫ মিনিটে কিংসের নির্ভরযোগ্য ডিফেন্ডার তারিক কাজীর আত্নঘাতী গোলে সমতা পায় ফর্টিজ।
কিংসের অধিনায়ক তপু বর্মণ মাঠের আঘাত পেয়ে খেলার মাঝপথে মাঠ ছাড়েন। তার আঘাত কতটুকু গুরুতর সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কিংসের ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল আজ স্কোয়াডে ছিলেন না।
আরটিভি/এসআর




