
ক্রিকেটে রেকর্ড মানেই সাফল্যের আনন্দ নয়, কখনও কখনও তা হয়ে ওঠে লজ্জার কারণও। তেমনই এক বিব্রতকর রেকর্ডের মালিক হয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার দাসুন শানাকা।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন শানাকা। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ‘ডাক’ বা শূন্য রানে আউট হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন তিনি।
শানাকা এখন পর্যন্ত ১১৩ ম্যাচের ক্যারিয়ারে ১০২ ইনিংসে ব্যাট করে ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন। এতদিন এই তালিকায় সবার ওপরে ছিলেন বাংলাদেশের বাঁহাতি টপ-অর্ডার ব্যাটার সৌম্য সরকারসহ আরও কয়েকজন ক্রিকেটার।
সৌম্য ৮৭ ম্যাচে ৮৬ ইনিংস খেলে ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন। তার সঙ্গে যৌথভাবে ছিলেন রুয়ান্ডার তিন ক্রিকেটার মার্টিন আকায়েজু, জ্যাপি বিমেনিমানা ও কেভিন ইরাকোজে এবং আয়ারল্যান্ডের সাবেক অধিনায়ক পল স্টার্লিং।
শানাকার এই ‘কীর্তি’র মধ্য দিয়ে সৌম্য ও অন্যরা আপাতত মুক্তি পেলেন এই লজ্জাজনক রেকর্ড থেকে।
আরটিভি/এসকে




