
বয়স শুধু সংখ্যা আবারও প্রমাণ করে চলেছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির জার্সিতে টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে রেকর্ড গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার। তার নৈপুণ্যে নিউইয়র্ক সিটি এফসিকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে হাভিয়ের মাশ্চেরানোর দল।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে নিউইয়র্কের সিটি ফিল্ডে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে মায়ামি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছেন লুইস সুয়ারেজ। বাকি গোল দুটি করেছেন মেসি এবং একটি করেছেন বালতাসার রদ্রিগেজ।
ম্যাচের প্রথমার্ধের ৪৩ মিনিটে মেসির দুর্দান্ত পাস থেকে গোলের সূচনা করেন বালতাসার। এই গোলে এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয় মৌসুমে ৩৫ গোলে অবদান রাখেন মেসি।
দ্বিতীয়ার্ধে নৈপুণ্যের ঝলক দেখান এই আর্জেন্টাইন তারকা। ৭৪ মিনিটে প্রতিপক্ষ রক্ষণের ফাঁক গলে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ শটে নিজের প্রথম গোল করেন তিনি। এরপর ৮২ মিনিটে পেনাল্টি থেকে সুয়ারেজ গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০। শেষ দিকে ৮৬ মিনিটে প্রতিপক্ষের ভুলে সুযোগ নিয়ে আবারও জালে বল পাঠান মেসি। এ নিয়ে এক মৌসুমে আট ম্যাচে একাধিক গোল করার রেকর্ড গড়লেন তিনি যা এমএলএস ইতিহাসে চতুর্থ সেরা।
রক্ষণভাগেও দৃঢ়তা দেখিয়েছে মায়ামি। গোলরক্ষক ওস্কার উস্তারি টানা ছয় ম্যাচে ক্লিনশিট ধরে রেখে নতুন রেকর্ড গড়েছেন।
এ জয়ের ফলে ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স টেবিলে তিন নম্বরে উঠে এসেছে মায়ামি। শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়ন (৬০) ও দ্বিতীয় স্থানে এফসি সিনসিনাতি (৫৮)। অন্যদিকে, টানা তিন জয় শেষে হারল নিউইয়র্ক সিটি এফসি, ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের পাঁচে।
আরটিভি/এসকে




