
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে নাটকীয়তা তীব্র আকার ধারণ করেছে। বুধবার (১ অক্টোবর) বেলা বাড়তেই সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ মোট ১৫ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
তামিম ইকবাল নিজে সরাসরি কারণ প্রকাশ না করলেও, এক্স–ক্রিকেটার ও পরিচালক পদে প্রার্থিতা প্রত্যাহার করা ইসরাফিল খসরু গণমাধ্যমকে জানিয়েছেন, সরকারের একটি গোষ্ঠী এখানে নগ্নভাবে হস্তক্ষেপ করছে। নির্বাচনের কোনো পরিবেশ দেখছি না। পুরো প্রক্রিয়াটাই ছিল অস্বচ্ছ। জেলা-বিভাগের কাউন্সিলরদের ফোন করে প্রভাব বিস্তার করা হয়েছে। এমন পরিস্থিতিতে নৈতিক জায়গা থেকে আমরা এই পদক্ষেপ নিয়েছি।
এছাড়া ইসরাফিল খসরু বলেন, এখানে সমঝোতার প্রসঙ্গ তখনই আসে যখন ফেয়ারনেস, যৌক্তিকতা ও সমতার ভিত্তি থাকে। লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে সমঝোতার কোনো মানে থাকে না।
বুধবার দুপুর ১২টা পর্যন্ত বিসিবি নির্বাচনে পরিচালক পদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। সকাল ১০টার দিকে মিরপুরে হাজির হন তামিম ইকবাল। সেই দিন সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুসহ আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থীও প্রার্থিতা প্রত্যাহার করেন।
এদিকে, নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে আজ দুপুর ২টায়। পরিস্থিতি অনুযায়ী বোর্ডের নির্বাচনী পরিবেশের স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে তৈরি হয়েছে ক্রীড়াঙ্গনে নতুন শঙ্কা।
আরটিভি/এসকে




