
এশিয়া কাপ শেষ হলেও এখনও দেশে ফেরেনি বাংলাদেশ। টাইগাররা এখন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিচ্ছে, যা শুরু হবে বৃহস্পতিবার (২ অক্টোবর)।
সদ্য শেষ হওয়া এশিয়া কাপের শুরুর দিকে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করা সাইফ হাসান ফিল্ডিংয়েও নিজেকে প্রমাণ করেছেন। তাই আসন্ন আফগান সিরিজেও তার দিকে নজর থাকবে সবার। সাইফও আফগানিস্তানের বিপক্ষে ভালো করতে মুখিয়ে আছেন।
আরব আমিরাতে অনুশীলনের সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাইফ বলেন, আমার কাজ পারফর্ম করা, সেটা করেছি। এখন সামনের আফগানিস্তান সিরিজে সম্পূর্ণ ফোকাস। (এশিয়া কাপের আগে) প্রস্তুতি ভালো ছিল। গত দুই বছরে বিপিএল ও গ্লোবাল সুপার লিগে খেলার মাধ্যমে কিছু আত্মবিশ্বাস পেয়েছি, যা খেলায় সাহায্য করেছে।
নিজের প্রস্তুতি নিয়ে তিনি আরও যোগ করেন, প্রস্তুতি সবসময় হয়েছে, আলাদা কিছু করিনি। অবশ্য মাঝের সময়ে নিজেকে আরও পরিণত করার চেষ্টা করেছি। আগে কিছু ঘাটতি ছিল, তাই সেভাবে পারফর্ম করতে পারিনি। এখন সেই ঘাটতিগুলো নিয়ে কাজ করেছি। আশা করি আরও ভালো করতে পারব।
বাংলাদেশের জন্য আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল। দেশের বাইরে টি-টোয়েন্টিতে এশিয়া কাপের আগে আফগানদের কাছে ৫ ম্যাচের সবকটিতেই হেরেছিল বাংলাদেশ। তবে এশিয়া কাপের সাম্প্রতিক ম্যাচে টাইগাররা আফগানিস্তানকে হারিয়েছে। এবার আমিরাতের মাটিতেও সিরিজ জিততে চায় বাংলাদেশ।
সাইফ বলেন, অবশ্যই, প্রথম ম্যাচ যদি ভালো শুরু করি ইনশাআল্লাহ সিরিজটাও আমাদের হবে। আমরা যদি আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি এবং দুর্বলতাগুলো নিয়ে কাজ করি, তাহলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের শক্তি কাজে লাগানোই সাফল্যের চাবিকাঠি।
আরটিভি/এসকে




