দীর্ঘ ২২৪ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। আগামী ১৯ অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ, যেখানে থাকবে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ।
শেষবার ভারতীয় জার্সিতে রোহিত ও কোহলিকে দেখা গিয়েছিল ২০২৫ সালের ৯ মার্চ, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। এরপর কেটে গেছে দীর্ঘ বিরতি। ফলে তাদের প্রত্যাবর্তনকে ঘিরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র উন্মাদনা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, সিরিজ শুরুর আগেই বিক্রি হয়ে গেছে প্রায় ১ লাখ ৭৫ হাজার টিকিট। বাকি আছে মাত্র ৩০ হাজার। সিডনি ও অ্যাডিলেডের সব টিকিট ইতোমধ্যেই শেষ, পার্থেও হাতে গোনা কয়েকটি টিকিট অবশিষ্ট।
বিশেষজ্ঞদের ধারণা, এই সিরিজই হতে পারে রোহিত-কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়। কারণ, সম্প্রতি ভারতীয় টিম ম্যানেজমেন্টে এসেছে বড় পরিবর্তন ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রোহিত শর্মাকে, দায়িত্ব পেয়েছেন তরুণ ওপেনার শুভমান গিল।
অনেকের মতে, ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় আর জায়গা নেই রোহিত ও কোহলির জন্য। তাই এই সিরিজকে অনেকেই দেখছেন তাদের সম্ভাব্য ‘ফেয়ারওয়েল ট্যুর’ হিসেবে।
অস্ট্রেলিয়ায় বসবাসরত ভারতীয় প্রবাসী ও স্থানীয় ক্রিকেটভক্তদের মধ্যেও দেখা দিয়েছে টিকিটের হুড়োহুড়ি। এমনকি টি-টোয়েন্টি সিরিজেও, যেখানে রোহিত ও কোহলি খেলবেন না, টিকিট বিক্রির উন্মাদনা কমেনি।
সংক্ষিপ্ত ফরম্যাটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারত দলে রয়েছেন তরুণ সেনসেশন অভিষেক শর্মা। প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যাচ্ছেন তিনি, তাকে একনজর দেখার আগ্রহও আকাশছোঁয়া। মেলবোর্নের ম্যাচের সব টিকিট বিক্রি শেষ তিন সপ্তাহ আগেই।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় বসবাসরত ভারতীয়দের প্রায় ৩৬ শতাংশই মেলবোর্নে। তাই ৩১ অক্টোবর এমসিজিতে অনুষ্ঠিতব্য ম্যাচে দেখা যেতে পারে এক ঐতিহাসিক ‘ভারতীয় দখল’।
সব মিলিয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক সিরিজ ঘিরে ক্রিকেটবিশ্বে এখন আবেগ ও আগ্রহ তুঙ্গে। টিকিট বিক্রির রেকর্ডই প্রমাণ করছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এখনও তাদের দুই কিংবদন্তিকে শেষবার দেশের জার্সিতে মাঠে দেখতে মুখিয়ে আছেন।
আরটিভি/এসকে




