
ভারতের ওয়ানডে দলের নেতৃত্ব হারানোর পর প্রথমবার মুখ খুললেন ‘হিটম্যান’ রোহিত শর্মা। চ্যাম্পিয়নস ট্রফিতে দলকে শিরোপা জেতানোর কৃতিত্ব থাকলেও আসন্ন অস্ট্রেলিয়া সফরের আগে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ওপেনার শুভমান গিল।
তবে নেতৃত্ব হারালেও অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন রোহিত। মুম্বাইয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে ভালোবাসি। অস্ট্রেলিয়ার মাটিতে খেলাও সবসময় উপভোগ করি। সেখানে ক্রিকেটপ্রেমী দর্শকরা খেলাকে সত্যিই ভালোবাসেন।
নেতৃত্ব হারানোর প্রসঙ্গে কিছু না বললেও, রোহিত জানিয়েছেন তিনি এখন পুরো মনোযোগ দিতে চান নিজের ব্যাটিংয়ে। ভারতীয় দলের সাবেক সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে বেশ কিছুদিন ধরে অনুশীলন করে যাচ্ছেন তিনি। ফিটনেস বাড়ানোর পাশাপাশি ওজনও কমিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। রোহিতের দীর্ঘমেয়াদি লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপে খেলা।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, নেতৃত্বের চাপ না থাকায় রোহিত এবার আরও মুক্তভাবে খেলতে পারবেন। তবে যেভাবে তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে, তা পছন্দ হয়নি অনেক সমর্থকের।
রোহিতকে সরানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধান নির্বাচক অজিত আগারকার বলেন, তিন ফরম্যাটে তিনজন আলাদা অধিনায়ক রাখা কঠিন। এটা দলের জন্যও, কোচের জন্যও সমস্যা তৈরি করে। গৌতম গম্ভীরের পরামর্শেই শুভমানকে অধিনায়ক করা হয়েছে।
তিনি আরও বলেন,আগামী বিশ্বকাপের প্রস্তুতির কথা ভেবেই এখন থেকে শুভমানকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে সে দল গঠনের কাজ শুরু করতে পারে।
উল্লেখ্য, আগামী ১৯ অক্টোবর পার্থে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচ ২৩ অক্টোবর অ্যাডিলেডে এবং শেষ ম্যাচ ২৫ অক্টোবর সিডনিতে অনুষ্ঠিত হবে। এই সিরিজে রোহিত শর্মার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলিও। চ্যাম্পিয়নস ট্রফির পর এটাই হবে তাদের প্রথম আন্তর্জাতিক উপস্থিতি।
আরটিভি/এসকে




