
হামজা চৌধুরী-সমিত ‘সোমরা’রা ৪৫ বছর পর এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন দেখছে। তবে স্বপ্ন পূরণের রাস্তা মোটেই সহজ নয়। তৃতীয় রাউন্ডের দুই ম্যাচ শেষে ‘সি’ গ্রুপে চার দলের মধ্যে সবশেষে অবস্থান করছে বাংলাদেশ। মূলপর্বে জায়গা করতে হলে দলের উচিত গ্রুপে শীর্ষে থাকা।
বাংলাদেশের সামনে বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঘরের মাঠে হংকংয়ের সঙ্গে লড়াইসহ মোট চারটি ম্যাচ রয়েছে। গ্রুপে পয়েন্ট ধরে রাখার জন্য এই ম্যাচগুলোর কোনোটিতেই হার মানা যাবে না। বিশেষ করে ঘরের মাঠের দুই ম্যাচে জয়ের বিকল্প নেই।
২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপে ২৪ দল অংশ নেবে। আয়োজকসহ ১৮ দল মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে। বাকি ৬ দলের ভবিষ্যৎ নির্ধারিত হবে বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে, যেখানে ৬টি গ্রুপে ৪টি করে দল একে অপরের সঙ্গে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে। গ্রুপে সেরা দল মূলপর্বে যাবে।
‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর, হংকং ও ভারত। দুই ম্যাচ শেষে বাংলাদেশ ১ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। শীর্ষে আছে ৪ পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর, দুইয়ে হংকং। তলানিতে ভারত ১ পয়েন্ট নিয়ে রয়েছে।
বাছাইপর্বের প্রথম ম্যাচে গত ২৫ মার্চ ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। ১১ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল জামালরা।
বাংলাদেশের হাতে আছে ৪টি ম্যাচ। এর মধ্যে ২টি ঘরের মাঠে, বাকি দুইটি বিদেশে। শীর্ষস্থান নিশ্চিত করতে বাংলাদেশকে বাকি সব ম্যাচে জিততে হবে। বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে বড় ব্যবধানের জয় প্রয়োজন, যাতে পয়েন্ট সমান হলে গোল ব্যবধানে এগিয়ে থাকা যায়।
অপরদিকে, হংকংয়ের বিরুদ্ধে যদি বাংলাদেশ জেতে, তাহলে হংকং সর্বাধিক ১০ পয়েন্টে পৌঁছাবে এবং বাংলাদেশের চেয়ে নিচে থাকবে। ভারতের বিপক্ষে ঘরের মাঠে জয়ও গুরুত্বপূর্ণ, কারণ এতে ভারতের সর্বোচ্চ পয়েন্ট ১০ হবে। সব মিলিয়ে, বাংলাদেশের মূল লক্ষ্য বাকি ৪ ম্যাচ জিতেই গ্রুপ শীর্ষে ওঠা।
আরটিভি/এসকে/এস




