
নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে এখন ভারতের মাটিতে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হেরে যায় টাইগ্রেসরা। আগামী ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড। এই ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দলের লক্ষ্য ও প্রস্তুতির কথা জানিয়েছেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার।
নাহিদা বলেন, গত ম্যাচে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। বিশেষ করে বোলিং বিভাগে সবাই দুর্দান্ত ছিল। একই ফোকাস নিয়েই আমরা আগামী ম্যাচে নামব। ব্যাটাররাও ভালো খেলেছে, তবে হয়তো ২-১ জন আরেকটু ভালো করতে পারলে রানটা আরও বাড়ত। এখন আমরা পুরো মনোযোগ দিচ্ছি আগামীকালের ম্যাচে।
তিনি আরও বলেন, ইংল্যান্ড ম্যাচটা এখন অতীত। সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। এখন সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ, সেটার জন্যই প্রস্তুতি নিচ্ছি। নির্দিষ্ট কোনো খেলোয়াড় নয়, দল হিসেবে কীভাবে ভালো ব্যাটিং-বোলিং করা যায়, সেটাতেই আমাদের পরিকল্পনা।
ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং দুর্বলতার কথা তুলে ধরে নাহিদা বলেন, শেষ ম্যাচে শুরুতে দ্রুত উইকেট পড়ে যাওয়ায় আমরা কিছু ডট বল খেলেছি। এরপর সোবহানা খুব ভালো ইনিংস খেলেছে। আমাদের ব্যাটাররা সবাই ভালো করছে, তবে কিছু জায়গায় আমরা কলাপ্স করছি। সেটা নিয়ে কাজ চলছে, আশা করি পরের ম্যাচে আরও ভালো হবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচকেও সমান চ্যালেঞ্জিং বলে মনে করেন তিনি। বিশ্বকাপের প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং। সহজ কোনো দল নেই এখানে। তাই কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই ভালো কিছু করতে হবে। আমরা চেষ্টা করছি আগের ম্যাচের চেয়েও ভালো ক্রিকেট খেলতে।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১৭৮ রান ডিফেন্ড করা কঠিন হলেও বোলাররা আশা জাগিয়েছিলেন। তবে নাহিদার মতে, আরও ভালো করা যেত
আমাদের দল হিসেবে ভালো খেলেছি, কিন্তু আরও উন্নতির জায়গা আছে। বোলাররা যদি একটু ভালো করত, ম্যাচটা হয়তো আমাদের দিকেই যেত। তাই পরের ম্যাচে আরও ধারালো বোলিং করার দিকেই ফোকাস থাকবে।
আগামী ম্যাচে নিজেদের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ নারী দল। টাইগ্রেসদের লক্ষ্য নিউজিল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টে জয়ের ধারায় ফিরে আসা।
আরটিভি/এসকে




