
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টে ডেভন কনওয়ের দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বিশাল সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে সবুজ ঘাসের উইকেটে ৮ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করেছে ক্যারিবিয়ানরা।
প্রথম দিনেই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ের সেঞ্চুরিতে শক্ত ভিত পায় কিউইরা। ল্যাথাম প্রথম দিনে আউট হলেও দ্বিতীয় দিন অবিচল থাকেন কনওয়ে। শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রায় সাড়ে আট ঘণ্টা ক্রিজে কাটিয়ে ৩৬৭ বলে ২২৭ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ইনিংসে ছিল ধৈর্য ও নিয়ন্ত্রিত আক্রমণের দারুণ মিশেল। এর আগে ২০২১ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ২০০ রানের ইনিংস খেলেছিলেন কনওয়ে এটি তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।
কনওয়েকে দারুণ সমর্থন দেন রাচিন রবীন্দ্র। তিনি ২টি ছক্কা ও ৬টি চারের সাহায্যে ৭২ রান করেন। নিচের দিকে ব্যাট করতে নেমে এজাজ প্যাটেলও কার্যকর ভূমিকা রাখেন ৩০ বলে ৩০ রানে ছিল ২টি ছক্কা ও ৩টি চার। সব মিলিয়ে ৮ উইকেটে ৫৭৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।
এরপর ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে দ্রুত রান তোলেন। প্রথম ১০ ওভারেই ৫৩ রান সংগ্রহ করে সফরকারীরা। দিনশেষে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ১১০ রান।
ব্র্যান্ডন কিং ৭৮ বলে ৯টি চারের সাহায্যে ৫৫ রানে অপরাজিত রয়েছেন। অন্যদিকে জন ক্যাম্পবেল ৬০ বলে ৭টি চার মেরে ৪৫ রান করে ক্রিজে আছেন। তবে এখনও ৪৬৫ রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে ফিরতে হলে তৃতীয় দিনে বড় লড়াই অপেক্ষা করছে ক্যারিবিয়ানদের সামনে।
আরটিভি/এসকে




