
নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে। টস হেরে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে লাল-সবুজরা। একাদশে দুই পরিবর্তন আনা হয়েছে।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় গোহাটিতে ম্যাচ শুরু হবে। টাইগ্রেসরা ইতিমধ্যেই প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় না পেলেও সম্ভাবনা সৃষ্টি করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক চলছিল।
পরিসংখ্যানে নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে থাকা বাংলাদেশ মুখোমুখি পাঁচ ম্যাচে এখনও কোনো জয় পায়নি। তবে এবারের আসরে নিগাররা এক জয় পেয়েছে, যদিও নিউজিল্যান্ড এখনো জয়হীন। এই ম্যাচে জয় পেলে বাংলাদেশ নেট রান রেটে এগিয়ে চার নম্বরে উঠে আসতে পারবে। টাইগ্রেসদের সেমিফাইনালে যাওয়ার পথ সহজ করতে আজকের ম্যাচে জয় অপরিহার্য।
বাংলাদেশ একাদশ: রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সোবানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।
নিউজিল্যান্ড একাদশ: সুজি বেটস, জর্জিয়া প্লিমার, অ্যামেলিয়া কের, সোফি ডিভাইন অধিনায়ক), ব্রুকি হ্যালিডে, ম্যাডি গ্রিন, ইসাবেলা গেজ (উইকেটরক্ষক), জেস কের, লিয়া তাহুহু, ইডেন কার্সন ও রোজমেরি মাইর।
আরটিভি/এসকে




