
২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে এশিয়া সফরে নেমেছে সেলেসাওরা। সফরের প্রথম ম্যাচে তারা আজ মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টা সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম খেলাটি মাঠে গড়াবে।
এ পর্যন্ত দুই দলের মুখোমুখি ৮ ম্যাচে ৭ বার জয় পেয়েছে ব্রাজিল। কাতার বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়েছিল তারা।
তবে ইনজুরির কারণে এই ম্যাচে ব্রাজিল দলে থাকছেন না অ্যালিসন বেকার, মারকুইনহোস ও রাফিনহা। অন্যদিকে ফিরেছেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এবং ম্যাথেউস কুনিয়া। দক্ষিণ কোরিয়ার হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তাদের সবচেয়ে বড় তারকা সন হিউং মিন।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, এবারও তিনি দল সাজাবেন ৪-২-৪ ফরমেশনে। তার অধীনে এখন পর্যন্ত চার ম্যাচে দুটি জয়, একটি ড্র ও একটি হার দেখেছে ব্রাজিল। এই ম্যাচকে তিনি শুধু প্রীতি নয়, বরং বিশ্বকাপের আগে মূল স্কোয়াড গঠনের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখছেন।
আনচেলত্তি বলেন, আমি এই খেলোয়াড়দের ভালোভাবে চিনি, কিন্তু জাতীয় দলের পরিধি অনেক বড়। দলের পরিবেশ দারুণ ইতিবাচক ও পেশাদার। আমি নিশ্চিত, এই মনোভাবেই আমরা বিশ্বকাপে শক্ত অবস্থানে যাব।
দীর্ঘদিন ইনজুরিতে ভোগার পর দলে ফিরেছেন ডিফেন্ডার এদের মিলিতাও। তার প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত আনচেলত্তি বলেন, আমি নিজেও ক্যারিয়ারে হাঁটুর চোটে পড়েছি, তাই জানি এটা কতটা কঠিন। মিলিতাও দারুণভাবে ফিরে এসেছে এবং এখন সে রিয়াল মাদ্রিদে দুর্দান্ত খেলছে। সেন্টার-ব্যাকে এখন আমাদের ভালো প্রতিযোগিতা আছে।
জাতীয় দলের ঐক্য ও যোগাযোগকেই সাফল্যের মূল চাবিকাঠি মনে করেন এই ইতালীয় কোচ। এখানে সবাই একই ভাষায় কথা বলে, যোগাযোগ সহজ। খেলোয়াড়দের মধ্যে সম্পর্কও খুব ভালো। সবাই জানে আমাদের লক্ষ্য কী বিশ্বকাপ জয়।
এদিকে উপমহাদেশে এই ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। যারা মোবাইলে দেখতে চান, তারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবেন।
ম্যাচ দেখতে এখানে ক্লিক করুন। এশিয়া সফরের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় টোকিওর আজিনোমটো স্টেডিয়ামে মুখোমুখি হবে জাপানের বিপক্ষে।
আরটিভি/এসকে




