
সম্প্রতি এশিয়া কাপ ক্রিকেটে তিনবার মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মাঠের পারফরম্যান্স নয়, বরং রাজনৈতিক টানাপোড়েন। ‘অপারেশন সিঁদুর’ অভিযানের প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানায়। এমনকি ভারতীয় তারকা সূর্যকুমার যাদব টসের সময় কিংবা ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করেননি এবং ফাইনালে বিজয়ী ট্রফি গ্রহণের সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকেও তা নিতে অস্বীকার করেন।
এই ঘটনার জেরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে অভিযোগ জানায়। নারী ক্রিকেটেও একই ধাঁচের আচরণ দেখা যায়। তবে হকিতে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন দৃশ্য।
মালয়েশিয়ার জোহর বারুতে অনুষ্ঠিত সুলতান অব জোহর কাপ হকি টুর্নামেন্টে গত মঙ্গলবার ভারত-পাকিস্তান ম্যাচের আগে দুই দলের জাতীয় সংগীত শেষে খেলোয়াড়রা পরস্পরের সঙ্গে সৌজন্য বিনিময় করে এবং হাত মেলায়। সেই মুহূর্তের ছবি ও ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
পাকিস্তান হকি ফেডারেশনের এক সিনিয়র কর্মকর্তা জানান, খেলোয়াড়দের আগে থেকেই বলা হয়েছিল যদি ভারতীয় দল হ্যান্ডশেক না করে, তবে সেটি উপেক্ষা করে খেলায় মনোযোগ দিতে। কিন্তু এমন উষ্ণ অভ্যর্থনা আমাদের জন্যও অনুপ্রেরণার।
ম্যাচের ফলাফল: শুরুতে পাকিস্তান দারুণভাবে এগিয়ে যায় প্রথম পাঁচ মিনিটেই গোল, এরপর ৩৯তম মিনিটে দ্বিতীয় গোল। তবে ভারত দারুণভাবে ফিরে এসে ২-২ সমতায় ফেরায়। পরে ৫৩তম মিনিটে ভারত ৩-২ ব্যবধানে এগিয়ে গেলেও ৫৫তম মিনিটে পাকিস্তান সমতায় ফেরে। শেষ পর্যন্ত রোমাঞ্চকর এই ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।
টুর্নামেন্টে এর আগে ভারত গ্রেট ব্রিটেনকে ৩-২ ও নিউজিল্যান্ডকে ৪-২ গোলে হারিয়ে অপরাজিত রয়েছে। অন্যদিকে পাকিস্তান মালয়েশিয়াকে ৭-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করলেও গ্রেট ব্রিটেনের কাছে পরাজিত হয়েছিল।
ক্রিকেট ও ফুটবলে ভারত-পাকিস্তান মুখোমুখি মানেই উত্তেজনা, বিতর্ক ও রাজনৈতিক প্রতিক্রিয়া। কিন্তু হকির মাঠে দুই দেশের খেলোয়াড়দের পারস্পরিক সৌহার্দ্য দেখিয়ে দিল খেলা কখনোই বিভাজনের নয়, বরং ঐক্যের বার্তা দেয়।
আরটিভি/এসকে




