
আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে আবারও আলোচনায় আসছে বাংলাদেশ। আগামী ১৫ থেকে ২৫ নভেম্বর ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। ১৪টি দেশ অংশ নেবে এবারের এই বিশ্বকাপে, যার মধ্যে অন্যতম আকর্ষণীয় দল আর্জেন্টিনা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
এর আগে, গত ৩–১৩ আগস্ট ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই বিশ্বকাপ। তবে স্থগিত হওয়ার পর আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের প্রস্তাবেই বাংলাদেশ আয়োজক হিসেবে দায়িত্ব নেয়।
কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ জানান, ভারতে বিশ্বকাপ স্থগিত হওয়ার পর আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন বাংলাদেশকে প্রস্তাব দেয়। আমরা ইতিবাচকভাবে বিষয়টি গ্রহণ করি এবং সরকারের অনুমোদন পাওয়ার পর স্বাগতিক হওয়ার সম্মতি জানাই।
১৪ দেশ নিয়ে আয়োজিত এই বিশ্বকাপের বাজেট ধরা হয়েছে ১০ কোটি টাকার বেশি। এর মধ্যে ক্রীড়া মন্ত্রণালয় ৫ কোটি টাকা প্রদান করবে। বাকিটা স্পনসরদের মাধ্যমে সংগ্রহের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। আমরা ফেডারেশনের গচ্ছিত তহবিল ব্যবহার করব না। স্পন্সরশিপের মাধ্যমে রাজস্ব বৃদ্ধিই আমাদের লক্ষ্য, বলেন সাধারণ সম্পাদক।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম জানান, বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আলাদা মর্যাদা রয়েছে। ক্রীড়া মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় দ্রুত অনুমোদন দিয়েছে।
ফেডারেশনের সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন বলেন, আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে, ভারত, আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, ইরান, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার। পাকিস্তান ও পোল্যান্ড রয়েছে স্ট্যান্ডবাই দলে।
সম্প্রতি নারী এশিয়া কাপ কাবাডিতে ব্রোঞ্জ জেতা বাংলাদেশ এবারও শীর্ষ তিনে থাকার আশা করছে। টুর্নামেন্টের ম্যাচগুলো হবে রাউন্ড রবিন পদ্ধতিতে দুই গ্রুপে বিভক্ত করে। ড্র পদ্ধতি নির্ধারণ করা হবে বিশ্বকাপ শুরু হওয়ার দুই-তিন দিন আগে।
দীর্ঘ ১৩ বছর পর নারী কাবাডি বিশ্বকাপ আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারই প্রথমবারের মতো এশিয়ার বাইরে থেকে একাধিক দল (যেমন আর্জেন্টিনা, জার্মানি, নেদারল্যান্ডস) অংশ নিচ্ছে।
আরটিভি/এসকে




