
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে ক্রিকেট থেকে দূরে নন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে এখনো প্রমাণ করছেন নিজের যোগ্যতা। সদ্য শেষ করেছেন কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্ট। এবার নতুন করে আরও তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লিখিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আবুধাবি টি-১০ লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব। দলটিতে রয়েছেন জেসন রয় ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো তারকারা। রয়্যাল চ্যাম্পসের প্রধান কোচ হিসেবে দায়িত্বে আছেন টাইগারদের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট।
একই দিনে সাকিবের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএ-তেও। যুক্তরাষ্ট্রের হিউস্টনে আয়োজিত এই টুর্নামেন্টে ছয়টি দল অংশ নেবে। হিউস্টন রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। টুর্নামেন্টে আরও অংশ নেবেন মোহাম্মদ আমির, আন্দ্রে ফ্লেচার, ইমাদ ওয়াসিম, মার্টিন গাপটিল ও ইমরান তাহিরের মতো তারকারা। লিগটি চলবে ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত।
এছাড়াও ভারতের শ্রীনগরে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। এক ভিডিও বার্তায় নিজেই এই লিগে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আগামী ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত শ্রীনগরের বকশী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এতে অংশ নেবেন অস্ট্রেলিয়ান তারকা শন মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের মতো ক্রিকেটাররাও।
উল্লেখ্য, সাকিব ইতিপূর্বে খেলেছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল), গ্লোবাল সুপার লিগ (জিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান লিগ ও যুক্তরাষ্ট্রের মাইনর লিগে। মাইনর লিগে আটলান্টা ফায়ার্সকে নেতৃত্ব দিয়ে শিরোপাও জিতেছেন তিনি। সর্বশেষ কানাডায় সুপার সিক্সটিতে মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্সকে ফাইনালে তুললেও শিরোপা জেতা হয়নি তার দলের।
আরটিভি/এসকে




