
এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন ভারতের দুই ওপেনার। আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অভিষেক শর্মা ও স্মৃতি মান্ধানা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই ঘোষণা দেয়।
পুরুষ বিভাগে অভিষেক শর্মা পেছনে ফেলেছেন স্বদেশী স্পিনার কুলদীপ যাদব ও জিম্বাবুয়ের ব্যাটসম্যান ব্রায়ান বেনেটকে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ টি-টোয়েন্টিতে দাপুটে ব্যাটিংয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন তিনি। ভারতের শিরোপা জয়ের পথে সাত ম্যাচে ৪৪.৮৫ গড়ে ও ২০০ স্ট্রাইক রেটে তিনটি অর্ধশতকে বাঁহাতি ওপেনার সংগ্রহ করেন ৩১৪ রান।
আইসিসির মাস সেরার স্বীকৃতি পেয়ে অভিষেক বলেন, এই পুরস্কার জিতে আমি ভীষণ খুশি। দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অবদান রাখতে পেরে গর্বিত। টিম ম্যানেজমেন্ট ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের সহায়তায় এটা সম্ভব হয়েছে। আমাকে নির্বাচিত করার জন্য আইসিসিকেও ধন্যবাদ।
অন্যদিকে নারী বিভাগে সেরার পুরস্কার জিতেছেন ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। তিনি দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটস ও পাকিস্তানের সিদরা আমিনকে হারিয়ে মাসসেরা হয়েছেন। সেপ্টেম্বর মাসে চারটি ওয়ানডেতে ৭৭ গড়ে ও ১৩৫.৬৮ স্ট্রাইক রেটে করেছেন ৩০৮ রান।
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে মান্ধানার ব্যাট থেকে আসে ৫৮, ১১৭ ও ১২৫ রানের ইনিংস। তৃতীয় ম্যাচে মাত্র ৫০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন এই বাঁহাতি ওপেনার।
আইসিসির মতে, অভিষেক ও মান্ধানা দু’জনেই সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের আধিপত্যে রেখেছিলেন, যা তাদের মাসসেরা হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্য করে তোলে।
আরটিভি/এসকে




