
ভারতের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ শুরুর আগেই একের পর এক চোটের ধাক্কা খাচ্ছে অস্ট্রেলিয়া দল। সর্বশেষ ইনজুরিতে পড়ে পুরো ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেলেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।
আগেই দুই ম্যাচের জন্য ছিটকে গিয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস। প্রথম ওয়ানডে থেকে ছুটি নিয়েছেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা। এবার নতুন করে গ্রিনের চোটে দলে আরও দুশ্চিন্তা যোগ হলো।
২৬ বছর বয়সী গ্রিনের লো গ্রেড সাইড সোরনেস ধরা পড়েছে। গত বছর অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এ সিরিজেও কেবল ব্যাটসম্যান হিসেবে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত পুরো সিরিজই মিস করবেন।
তার জায়গায় দলে ডাক পেয়েছেন মার্নাস লাবুশেন। ব্যাট হাতে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার সম্প্রতি কুইন্সল্যান্ডের হয়ে ১৫৯ রানের ইনিংস খেলেছেন এবং শেষ পাঁচ ইনিংসে করেছেন চারটি সেঞ্চুরি।
এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, গ্রিনের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত শুরু হবে। তাদের লক্ষ্য, ১১ দিন পর শুরু হতে যাওয়া শেফিল্ড শিল্ডে তাকে ফিরিয়ে আনা।
এরই মধ্যে চোটের কারণে দলের একাধিক খেলোয়াড় অনিশ্চিত। বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স ভারত সিরিজে খেলছেন না, অ্যাশেজের প্রথম ম্যাচেও তার থাকা নিয়ে শঙ্কা রয়েছে। টেস্ট অলরাউন্ডার ব্যু ওয়েবস্টারও চোটে পড়েছেন।
অন্যদিকে, পারিবারিক কারণে প্রথম ওয়ানডে মিস করবেন অ্যাডাম জাম্পা। তার জায়গায় তিন বছর পর অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমান।
এছাড়া ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি জশ ইংলিস। উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি প্রথম ওয়ানডে না খেললেও দ্বিতীয় ম্যাচ থেকে দলে যোগ দেবেন বলে জানা গেছে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামী রোববার থেকে।
আরটিভি/এসকে




