
প্রায় সাত মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকার পর জীবনের কঠিনতম লড়াই জিতে ফের মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রেলিয়ার ব্যাটার নিক ম্যাডিনসন। টেস্টিকুলার ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং অনুশীলনে ফিরেছেন।
৩৩ বছর বয়সী ম্যাডিনসন ২০১২ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। তবে সর্বশেষ অস্ট্রেলিয়া দলের হয়ে টেস্ট খেলেছিলেন নয় বছর আগে।
গত মার্চে নিউ সাউথ ওয়েলস দলের হয়ে খেলার পরই ধরা পড়ে তার টেস্টিকুলার ক্যান্সার। অস্ত্রোপচারের পর জানা যায়, ক্যান্সার ছড়িয়ে পড়েছে পেটের লসিকাগ্রন্থি ও ফুসফুসে। এরপর শুরু হয় কেমোথেরাপি, যা চলে মে থেকে জুলাই পর্যন্ত।
নিজের অভিজ্ঞতা শেয়ার করে ম্যাডিনসন বলেন, ওটা ছিল জীবনের সবচেয়ে দীর্ঘ নয় সপ্তাহ। চুল পড়ে গিয়েছিল, শরীর একদম ভেঙে পড়েছিল, ঘুমও আসত না। দিন-রাত শুধু ক্লান্ত লাগত।
এই কঠিন সময়টায় পাশে ছিলেন তার স্ত্রী বিয়ানকা। এ সময়ই তাদের দ্বিতীয় সন্তান ওয়াইল্ডার জন্ম নেয়, যা ম্যাডিনসনের লড়াইয়ে নতুন প্রেরণা জুগিয়েছিল।
জুলাইয়ে কেমো শেষ হওয়ার পর ধীরে ধীরে অনুশীলনে ফিরেছেন তিনি। সেপ্টেম্বরে চিকিৎসকরা জানান, ম্যাডিনসন এখন ক্যান্সারমুক্ত।
তরুণদের উদ্দেশে তিনি পরামর্শ দেন, শরীরের কোনো সমস্যা বা সন্দেহ থাকলে দেরি না করে পরীক্ষা করান। সময়মতো আমার ক্যান্সার ধরা না পড়লে হয়তো পরিস্থিতি আরও খারাপ হতে পারত।
আরটিভি/এসকে




