
সম্প্রতি পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানের বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন তিনজন আফগান ক্রিকেটারও। এই হামলাকে ‘বর্বরোচিত ও অমানবিক’ বলে নিন্দা জানিয়েছেন আফগান তারকা স্পিনার রশিদ খান। সেই সঙ্গে পিএসএল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
এক বিবৃতিতে রশিদ খান নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বিশ্ব যেন এই অন্যায় ঘটনাকে ভুলে না যায়।’
এরপরই নিজের এক্স প্রোফাইলের বায়ো থেকে লাহোর কালান্দার্সের নাম মুছে ফেলেন রশিদ। তিনি ২০২০ সাল থেকে এই পিএসএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থেকে তিনবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন।
এদিকে দুই দেশের ক্রিকেট সম্পর্কও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) নিশ্চিত করেছে, তারা পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে নভেম্বরের মাঝামাঝি নির্ধারিত ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে অংশ নেবে না।
এই সিরিজটি ১৭ থেকে ২০ নভেম্বর লাহোর ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সীমান্ত এলাকায় সামরিক উত্তেজনা এবং সাম্প্রতিক হামলার ঘটনায় আফগানিস্তান পাকিস্তানের মাটিতে পা না রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আরটিভি/এসআর




