
আরও একবার অধিনায়ক বদলে চমক দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।
বর্তমানে ঘরের মাঠে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে পাকিস্তান। দ্বিতীয় টেস্ট চলার মাঝেই সোমবার পিসিবি ঘোষণা দেয়, ওয়ানডে ফরম্যাটে আবারও দলের নেতৃত্ব দেবেন শাহিন।
প্রোটিয়াদের বিপক্ষে চলমান এই সফরেই দ্বিতীয় দফায় অধিনায়কত্ব অধ্যায় শুরু করবেন শাহিন আফ্রিদি। দুটি টেস্ট শেষে ২৮ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, এরপর ৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
তবে হঠাৎ করেই রিজওয়ানকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কারণ এখনও জানায়নি পিসিবি। এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত নির্বাচক কমিটি ও সাদা বলের কোচ মাইক হেসনের যৌথ সভার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, কোচ হেসনের সুপারিশেই অধিনায়ক বদলের উদ্যোগ নেয় পিসিবি।
উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে প্রথমবার পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছিলেন শাহিন আফ্রিদি। কিন্তু নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে হারের পরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
এবার দ্বিতীয় সুযোগে ওয়ানডে অধিনায়ক হিসেবে কেমন করেন শাহিন সেটিই এখন দেখার অপেক্ষা।
আরটিভি/এসকে




