
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে চমক রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রায় এক বছর পর দলে ফিরেছেন সাবেক অধিনায়ক বাবর আজম।
২০২৪ সালের ডিসেম্বরে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন বাবর। এরপর বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও চলতি বছরের এশিয়া কাপে বিশ্রামে ছিলেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। এবার সেই প্রোটিয়াদের বিপক্ষেই ফিরছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক ঘোষণায় দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সিরিজের দল ঘোষণা করেছে পিসিবি।
টি-টোয়েন্টি সিরিজ ও পরবর্তী ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড, আর দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।
টি-টোয়েন্টি দলের নেতৃত্ব নিয়ে জল্পনা ছিল যথেষ্ট। তবে শেষ পর্যন্ত সালমান আলি আগা-র হাতেই থাকছে টি-টোয়েন্টির নেতৃত্ব।
অন্যদিকে ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি।
দলে জায়গা পেয়েছেন ফর্মে থাকা আবদুল সামাদ ও ইনজুরি কাটিয়ে ফেরা নাসিম শাহ। সবচেয়ে বড় চমক, প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন উদীয়মান ক্রিকেটার উসমান তারিক। তরুণ এই ব্যাটারকে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার দেওয়া হয়েছে।
সূচি
.২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
.এরপর ৪ থেকে ৮ নভেম্বর ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
.পরবর্তী সময়ে ১১ থেকে ১৫ নভেম্বর রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ।
.সবশেষে ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পাকিস্তান আয়োজন করবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ, যেখানে অংশ নেবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।
বাবরের দলে ফেরা নিঃসন্দেহে পাকিস্তান ক্রিকেটের জন্য বড় খবর। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে অফ-ফর্ম ও বিশ্রামে থাকলেও, অভিজ্ঞ এই ব্যাটার ফিরছেন নতুন উদ্যমে। তাঁর উপস্থিতি দলে বাড়াবে আত্মবিশ্বাস ও ব্যাটিং শক্তি।
সিরিজ শুরু হবে ২৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে। পাকিস্তান দল বর্তমানে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ঘরের মাঠে সিরিজ শুরুর আগে।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।
পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ফখর জামান, হ্যারিস রউফ, হাসিবুল্লাহ, হাসান নওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আয়ুব, সালমান আলি আগা।
আরটিভি/এসকে




