
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট আজও ছিল স্পিন সহায়ক। প্রথম ওভার থেকেই বল টার্ন করছিল। তবে সেই টার্নিং ট্র্যাকে সাইফ হাসান ও সৌম্য সরকার দেখালেন ভিন্ন মানসিকতা আত্মরক্ষায় নয়, বরং আক্রমণকেই বানালেন কৌশল।
ফলাফল, অলিখিত ফাইনালে দুর্দান্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। ইনিংসের প্রথম ৮ ওভারেই দলীয় পঞ্চাশ পেরিয়ে যায়, দুই ওপেনারের ব্যাটে আসে আগ্রাসী শুরু।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক। সিরিজ সমতায় রাখতে এ ম্যাচ জিততেই হবে লাল-সবুজদের।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০০ রান। দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজ বোলারদের ওপর চড়াও হন। সৌম্য সরকার ৫০ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫২ রানে অপরাজিত। সাইফ হাসান মারমুখী ব্যাটিংয়ে ৪২ বলে ৩ চার ও ২ ছক্কায় করেছেন ৪৭ রান।
দুইজনই পাওয়ারপ্লের সুবিধা নিয়ে বাউন্ডারি খুঁজে নিচ্ছেন নিয়মিত। মিরপুরের ধীরগতির উইকেটেও ব্যাটিংকে করেছেন সহজ ও গতিময়।নবম ওভারের শেষ বলে এলবিডব্লিউর শিকার হয়েছিলেন সাইফ। আম্পায়ারের সিদ্ধান্তে ফেরার পথে রিভিউ নেন তিনি। পরে দেখা যায়, বল পায়ে লাগার আগে লেগেছে ব্যাটে। রিভিউতে টিকে যান সাইফ, আর বাংলাদেশও বজায় রাখে উড়ন্ত ছন্দ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বর্তমানে সমতা ১-১। ফলে আজকের ম্যাচই হয়ে উঠেছে অলিখিত ফাইনাল।
দারুণ শুরুর পর এবার দায়িত্ব ওপেনিং জুটির ওপর দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার।
আরটিভি/এসকে




