
পাকিস্তানকে ছাড়াই ভারতের রাঁচিতে চলছে সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে অবশেষে পদক জিতেছে বাংলাদেশ।
শনিবার (২৫ অক্টোবর) পুরুষদের ৪×১০০ মিটার রিলে ইভেন্টে বাংলাদেশ ব্রোঞ্জ পদক অর্জন করেছে। সাবেক দ্রুততম মানব মোঃ ইসমাইলের নেতৃত্বে আব্দুল মোতালেব, তারেক রহমান ও লুসাদ ইসলাম ৪০.৮৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন।
এই ইভেন্টে স্বর্ণ জিতেছে শ্রীলঙ্কা (সময় ৩৯.৯৯ সেকেন্ড) এবং রৌপ্য পেয়েছে ভারত (সময় ৪০.৬৫ সেকেন্ড)।
এদিন মহিলা ৪x১০০ মিটার রিলে ইভেন্টেও পদকের কাছাকাছি গিয়েছিল বাংলাদেশ। ৪৮.২১ সেকেন্ড টাইমিংয়ে তারা চতুর্থ হয়। মাত্র ০.৪২ সেকেন্ডের ব্যবধানে তৃতীয় হওয়া মালদ্বীপের (৪৭.৭৯ সেকেন্ড) কাছে পিছিয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা।
প্রথম একশ মিটার পর্যন্ত এগিয়ে ছিল বাংলাদেশ। তবে ব্যাটন পরিবর্তনের ধাপে কিছুটা পিছিয়ে পড়ে দলটি। শেষ ব্যাটন ছিল দেশের দ্রুততম মানবী শিরিন আক্তারের হাতে। তার ফিনিশিংয়ের ওপরই নির্ভর করছিল পদক পাওয়া না পাওয়ার বিষয়টি। তবে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি।
এদিন ৪০০ মিটার নারী ও পুরুষ স্প্রিন্ট, হাই জাম্প, ডিসকাস থ্রো এবং ১১০ মিটার হার্ডলস ইভেন্টেও অংশ নেয় বাংলাদেশ। তবে কোনো ইভেন্টেই পদক জুটেনি।
আগামীকাল অনুষ্ঠিত হবে লং জাম্প ও ৪x৪০০ মিটার নারী ও পুরুষ স্প্রিন্ট ইভেন্ট, যেখানে নতুন করে পদকের আশায় নামবে বাংলাদেশ দল।
আরটিভি/এসকে




