
এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে হতাশাজনক সূচনা করেছে বাংলাদেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস। কুয়েতে অনুষ্ঠিত গ্রুপের প্রথম ম্যাচে ওমানের ক্লাব আল সীবের বিপক্ষে ২-৩ গোলে পরাজিত হয়েছে তপু বর্মণরা।
র্যাংকিং ও অভিজ্ঞতায় ওমান বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে থাকলেও শুরুতে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে কিংস। ম্যাচের সপ্তম মিনিটেই আল রাওয়ানির গোলে লিড নেয় আল সীব। তবে প্রথমার্ধের শেষদিকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল আগাস্তোর গোলে সমতা ফেরায় বসুন্ধরা কিংস। ফলে বিরতিতে ১-১ সমতায় যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক গোল করে কিংসকে লিড এনে দেন ফরোয়ার্ড রাকিব হোসেন। বক্সের বাইরে থেকে নেওয়া কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। কিন্তু এই লিড ধরে রাখতে ব্যর্থ হয় কিংসের রক্ষণভাগ। সাত মিনিট পরই ডিফেন্সের বড় ভুলে সমতা ফেরায় আল সীব।
৭৭ মিনিটে আরও এক রক্ষণভ্রান্তির সুযোগ নিয়ে আল মাকবালির গোলে এগিয়ে যায় ওমানের ক্লাবটি। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি কিংস। ফলে লিড নিয়েও ৩-২ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের প্রতিনিধিরা।
এই পরাজয়ে গ্রুপ পর্বের শুরুতেই কঠিন চাপে পড়ল বসুন্ধরা কিংস। পরের ম্যাচে টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই তপু বর্মণ–রাকিবদের সামনে।
আরটিভি/এসকে




