অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে চোট পাওয়া ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়ার সই করা বিবৃতিতে বলা হয়, ২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিংয়ের সময় আইয়ার তলপেটে চোট পান। এতে তার প্লীহা কেটে যায় এবং অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয়। দ্রুত আঘাত শনাক্ত করে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়, যার ফলে রক্তপাত বন্ধ করা সম্ভব হয়। বর্তমানে আইয়ারের অবস্থা স্থিতিশীল এবং তিনি সিডনির হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, মঙ্গলবার করা পুনরায় এমআরআই স্ক্যানে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে এবং শ্রেয়াস এখন সুস্থতার পথে। বিসিসিআই মেডিকেল টিম সিডনি ও ভারতের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে তার চিকিৎসা তত্ত্বাবধান করছে।
এর আগে, ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব সংবাদ সম্মেলনে বলেন, আইয়ারের চোটের খবর জানার পরই আমি ওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। পরে দলের ফিজিও কমলেশ জানায়, আইয়ার স্থিতিশীল আছে এবং আমাদের সঙ্গে ফোনে কথা বলছে। এটা বড় স্বস্তির খবর।
উল্লেখ্য, ২৫ অক্টোবর সিডনির এসসিজিতে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে মাটিতে পড়ে গুরুতর চোট পান শ্রেয়াস আইয়ার। ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৩০ নভেম্বর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচিতে। তার আগে আইয়ারের পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আশা করছে দলীয় চিকিৎসক দল।
আরটিভি/এসকে




