গামিনিকে দেশ থেকেই বিদায় করছে বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০১ নভেম্বর ২০২৫ , ০৯:১২ পিএম


গামিনি ডি সিলভা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশেষে আলোচিত লঙ্কান পিচ কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে। সূত্র জানায়, দুই মাসের অগ্রিম বেতন পরিশোধ করে গামিনির চুক্তি বাতিল করবে বোর্ড। আগামীকাল (২ নভেম্বর) কাগজে-কলমে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা।

২০১০ সাল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের হেড পিচ কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন গামিনি ডি সিলভা। তার সময় থেকেই মিরপুরের পিচ ক্রমে বোলিং সহায়ক হয়ে ওঠায় তাকে ঘিরে বহুবার সমালোচনা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে আসে মিরপুরের পিচের মান নিয়ে প্রশ্ন। তবুও দীর্ঘ সময় তার ওপর আস্থা রেখেছিল বিসিবি।

তবে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে পিচের মান নিয়ে ব্যাপক বিতর্কের পর বিসিবি কিছুটা নড়েচড়ে বসে। এরপর গামিনিকে সরিয়ে রাজশাহীতে পাঠানো হয় এবং মিরপুরের দায়িত্ব দেওয়া হয় হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান টনি হেমিংওয়েকে। কিন্তু রাজশাহীতেও গামিনির কাজে সন্তুষ্ট হতে পারেননি বিসিবি কর্মকর্তারা। ফলে এবার তাকে চূড়ান্তভাবে বিদায় জানাতে প্রস্তুতি নিচ্ছে বোর্ড।

চলতি বছরের জুলাইয়ে গামিনির সঙ্গে নতুন এক বছরের চুক্তি করেছিল বিসিবি। কিন্তু মাত্র তিন মাস পরই সেই চুক্তি ভাঙার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, তাকে দুই মাসের অগ্রিম বেতন প্রদান করেই সম্পর্কের ইতি টানবে বিসিবি।

তবে শুধু গামিনিকেই দায়ী করা নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ, যেকোনো সিরিজ শুরুর আগে পিচ প্রস্তুত হয় হোম টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী। এমনকি নতুন কিউরেটর টনি হেমিংওয়ের তৈরি সাম্প্রতিক পিচগুলোও সমালোচনার মুখে পড়েছে বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বানানো ঘাসবিহীন ও ধীরগতির উইকেট নিয়ে।

আরও পড়ুন

সব মিলিয়ে, পিচের মানোন্নয়নে শুধু গামিনিকে বিদায় নয়, বিসিবিকেও নিতে হবে গভীর ও কাঠামোগত সিদ্ধান্ত—এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission