
ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে আয়োজিত ‘ইন্ডিয়ান হেভেনস প্রিমিয়ার লিগ’ (আইএইচপিএল) ঘিরে চরম বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। টুর্নামেন্টের মাঝপথেই আয়োজকেরা হঠাৎ গা-ঢাকা দিয়েছেন, ফলে খেলোয়াড় ও কর্মকর্তারা পড়ে গেছেন বিপাকে।
জানা গেছে, আয়োজকেরা হোটেল বিল, খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের পারিশ্রমিক কোনোটিই পরিশোধ করেননি। হোটেল কর্তৃপক্ষের বকেয়া বিল বাকি রেখে আয়োজকেরা শনিবার (১ নভেম্বর) রাতে গোপনে শ্রীনগর ছেড়ে চলে যান।
রোববার (২ নভেম্বর) সকালে হোটেলে থাকা খেলোয়াড় ও কর্মকর্তারা জানতে পারেন, আয়োজকেরা কোনো বিলই পরিশোধ করেননি। তখন প্রায় ৪০ জন খেলোয়াড় ও কর্মকর্তা হোটেলে আটকা ছিলেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ও আম্পায়ার মেলিসা জুনিপার বলেন, আয়োজকেরা পালিয়ে গেছেন, হোটেল, খেলোয়াড় বা আম্পায়ার কেউই টাকা পাননি। পরে আমরা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বের হওয়ার ব্যবস্থা করি।
ব্রিটিশ হাইকমিশনের সহায়তায় ক্রিস গেইল, থিসারা পেরেরা, জেসি রাইডার ও রিচার্ড লেভিসহ কয়েকজন বিদেশি খেলোয়াড় হোটেল ছাড়তে সক্ষম হন।
জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে গত ২৫ অক্টোবর শুরু হয়েছিল আট দলের এই টুর্নামেন্ট, শেষ হওয়ার কথা ছিল ৮ নভেম্বর। তবে মাঝপথেই আয়োজকদের পালিয়ে যাওয়ায় পুরো আয়োজন ভেঙে পড়েছে।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানেরও খেলার কথা ছিল। টুর্নামেন্টের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত এক ভিডিওতে সাকিবকে অংশ নেওয়ার ঘোষণা দিতে দেখা যায়। তবে তিনি আদৌ মাঠে নেমেছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় এক ক্রিকেটার জানিয়েছেন, অর্থ সংকটের কারণেই সম্ভবত এমন বিপর্যয় ঘটেছে।
আরটিভি/এসকে




