আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কা সফরে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশেষে এই সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, না, আমরা শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছি না। হচ্ছে না ওইটা। এর মূল কারণ হিসেবে ক্রিকেটারদের অতিরিক্ত ব্যস্ততা এবং বিশ্রামের প্রয়োজনকে বলা হয়েছে।
আগে টানা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করেছে বাংলাদেশ। এখন ১১ নভেম্বর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে নামবে লিটন দাসের দল, যেখানে টেস্ট এবং টি-টোয়েন্টি উভয় সিরিজ রয়েছে। এর পরেই ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিসিবি মনে করছে, বিপিএল দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি যথেষ্ট হবে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পরিকল্পনা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজন করা, কিন্তু আইসিসির শর্ত পূরণের জটিলতায় ওই টুর্নামেন্ট স্থগিত হয়ে যায়। এরপর শ্রীলঙ্কা বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করছিল।
তবে শেষ পর্যন্ত বাংলাদেশ এই সিরিজ থেকে সরে দাঁড়ায়, যার ফলে ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় এই টুর্নামেন্টটি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে। বাংলাদেশ এখন আয়ারল্যান্ড সিরিজ ও বিপিএল দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাবে।
আরটিভি/এসকে




