মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমে গোল্ডেন বুট জয়ের পর আবারও আলোচনায় লিওনেল মেসি। ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা এবার টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন।
৩৮ বছর বয়সী মেসি এ মৌসুমে এমএলএস ইতিহাসে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোলে অবদান রেখেছেন। গোল ও অ্যাসিস্ট উভয় বিভাগেই লিগের শীর্ষে থাকা দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই স্বীকৃতি পেয়েছেন তিনি।
এবারের বেস্ট ইলেভেনে মোট নয়টি ক্লাবের প্রতিনিধি রয়েছেন। এর মধ্যে ছয়জন প্রথমবারের মতো এই সম্মান পেয়েছেন। ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ভ্যাঙ্কুবার হোয়াইটক্যাপস থেকে সর্বোচ্চ দুজন করে খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
অরল্যান্ডো সিটির তরুণ তারকা অ্যালেক্স ফ্রিম্যান এমএলএসের ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হওয়ার পাশাপাশি সেরা একাদশেও জায়গা পেয়েছেন। তিনি গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই দলে স্থান করে নিয়েছেন।
অন্যদিকে, সান ডিয়েগো এফসির আন্ডার্স ড্রেয়ার ২০২০ সালের পর প্রথমবার কোনো নতুন এক্সপ্যানশন টিম থেকে সেরা একাদশে জায়গা পেয়েছেন। আর ইতিহাস গড়েছেন ডেনিস বুয়াঙ্গা টানা তৃতীয়বারের মতো বেস্ট ইলেভেনে নাম লিখিয়েছেন তিনি, যা ২০১৭-১৯ মৌসুমে জোসেফ মার্টিনেজের পর আর কেউ পারেননি।
এই একাদশের আক্রমণভাগে আছেন মেসি, ড্রেয়ার ও বুয়াঙ্গা। এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় দলে এ বছর খেলা চার খেলোয়াড়ও রয়েছেন এই তালিকায়, ফ্রিম্যান, ব্ল্যাকমন, সেবাস্তিয়ান বার্থাল্টার ও ক্রিশ্চিয়ান রোলডান।
এ ছাড়া কানাডার প্রতিনিধি হিসেবে দলে আছেন ডেইন সেন্ট ক্লেয়ার। তিনি গত এক দশকে দ্বিতীয় কানাডিয়ান হিসেবে এমএলএস বেস্ট ইলেভেনে জায়গা পেলেন।
এবারের বেস্ট ইলেভেনে দেশীয় খেলোয়াড়ের সংখ্যা পাঁচজন, যা ২০১৫ সালের পর সর্বোচ্চ। তবে এই তালিকার খেলোয়াড়দের মধ্যে কেবল ফ্রিম্যানের দল অরল্যান্ডো সিটি প্লে-অফ থেকে বাদ পড়েছে। বর্তমান রাউন্ডের পাঁচটি নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে এই সপ্তাহান্তে।
এমএলএসের বর্ষসেরা একাদশ:
গোলকিপার: ডেইন সেন্ট ক্লেয়ার (মিনেসোটা ইউনাইটেড এফসি),
ডিফেন্ডার: ট্রিস্টান ব্ল্যাকমন (ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এফসি), অ্যালেক্স ফ্রিম্যান (অরল্যান্ডো সিটি এসসি), জ্যাকব গ্লেসনেস (ফিলাডেলফিয়া ইউনিয়ন), কাই ওয়াগনার (ফিলাডেলফিয়া ইউনিয়ন)।
মিডফিল্ডার: সেবাস্তিয়ান বার্থাল্টার (ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এফসি), ইভান্ডার (এফসি সিনসিনাটি), ক্রিশ্চিয়ান রোলডান (সিয়াটল সাউন্ডার্স এফসি),
ফরোয়ার্ড: ডেনিস বুয়াঙ্গা (এলএএফসি), আন্ডার্স ড্রেয়ার (সান ডিয়েগো এফসি) ও লিওনেল মেসি (ইন্টার মায়ামি সিএফ)।
আরটিভি/এসকে/এস




