
এশিয়া কাপের সর্বশেষ আসরকে ঘিরে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক আবারও টানাপোড়েনের মধ্যে পড়েছে। বিশেষ করে ফাইনাল ম্যাচে ট্রফি প্রদান না করা নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে তীব্র মনোমালিন্যের সৃষ্টি হয়েছে।
এই প্রেক্ষাপটে শুক্রবার (৭ নভেম্বর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড মিটিংয়ে অংশ নিতে দুবাই গেছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। সভায় বিসিসিআই ও পিসিবির চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সমাধান নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে আয়োজিত এই সভায় সব সদস্য দেশের ক্রিকেট বোর্ডের প্রধানরা উপস্থিত থাকবেন। সূত্রে জানা গেছে, এশিয়া কাপের ফাইনালের ট্রফি এখনো আনুষ্ঠানিকভাবে বিসিসিআইয়ের কাছে হস্তান্তর করা হয়নি। দ্রুত এই বিষয়টির মীমাংসাও আলোচনার অন্যতম বিষয় হতে যাচ্ছে সভায়।
পাকিস্তান ও ভারতের মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের প্রভাব দীর্ঘদিন ধরেই ক্রিকেট অঙ্গনে পড়ছে। দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকলেও আইসিসি টুর্নামেন্টগুলোতে মুখোমুখি লড়াই সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
আরটিভি/এসকে




