
তুরস্কের ফুটবলে বড় ধরনের দুর্নীতি কেলেঙ্কারি ফাঁস হয়েছে। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে দেশটির আদালত এক ক্লাব সভাপতির পাশাপাশি ১৭ জন রেফারিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তুরস্কের সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ইস্তাম্বুলের আদালত ফুটবল জুয়া ও ম্যাচ ফিক্সিংয়ে জড়িত মোট ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর মধ্যে ১৮ জনকে ইতোমধ্যে আটক করা হয়েছে।
এর আগে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) জানিয়েছিল, দেশের ৫৭১ জন রেফারির মধ্যে ৩৭১ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ফেডারেশন তদন্তে আরও জানতে পারে, অন্তত ১,০০০টিরও বেশি ম্যাচে ফিক্সিং হয়েছে।
সরাসরি জুয়ার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় ১৫২ জন রেফারি ও সহকারী রেফারিকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে। এবার আদালতের নির্দেশে একাধিক রেফারি ও ক্লাব কর্মকর্তা গ্রেপ্তারের মুখে পড়লেন।
অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, দায়িত্ব ও পদের অপব্যবহার, ম্যাচের ফল নিয়ন্ত্রণ করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর মতো অপরাধে জড়িত থাকার জন্য।
টিএফএফ সভাপতি ইব্রাহিম হ্যাসিয়োসমানলু বলেন, তুরস্কের ফুটবলে নৈতিক সঙ্কট রয়েছে। কাঠামোগত সমস্যা নয়, বরং মূল সমস্যা নীতিগত। আমরা গত পাঁচ বছর ধরে ফিক্সিং নির্মূলের জন্য কাজ করছি।
রেফারিদের কম পারিশ্রমিকের কারণেই কি তারা ফিক্সিংয়ে জড়াচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেকোনো রেফারিকে জিজ্ঞেস করুন, কেউ সময়মতো বেতন না পেলে আমি সভাপতির পদ ছেড়ে দেব। গত বছর তাদের বেতন বাড়ানো হয়েছে, এ বছরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তুরস্কের ফুটবলে এ কেলেঙ্কারি দেশটির ক্রীড়াঙ্গনে চরম আলোড়ন সৃষ্টি করেছে।
আরটিভি/এসকে




