বিপিএলের গত দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। তাদের ব্যাক টু ব্যাক শিরোপা জিততে বিশেষ ভূমিকা পালন করেছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্স। এবারের আসরে অংশ নিচ্ছে না বরিশাল। তাই এই তারকা ক্রিকেটারকে দলে ভিড়াতে যাচ্ছে রংপুর রাইডার্স।
শনিবার (৮ নভেম্বর) রংপুর রাইডার্সের একটি সূত্র আরটিভিকে এই তথ্য জানিয়েছেন।
সূত্র জানান, ‘কাইল মায়ার্সের সঙ্গে আলোচনা করছে রংপুর। এক দুই দিনের মধ্যে ঘোষণা আসতে পারে।’ এমনটি হলে রংপুরের ভক্তদের জন্য সুখবরই বটে।
কারণ, বিপিএলের গত দুই আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মায়ার্স। ২০২৪ বিপিএলের ফাইনালে কুমিল্লার বিপক্ষে ফাইনালে ৩০ বলে ৪৬ রান এবং ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। এ ছাড়াও গত আসরের ফাইনালে খেলেছিলেন ২৮ বলে ৪৬ রানের ইনিংস।
কাইল মায়ার্স ছাড়াও বরিশালের হয়ে খেলা আরেক ক্রিকেটার ফাহিম আশরাফের সঙ্গে আলোচনা সেরে ফেলেছেন বলে জানা গেছে। এবার রংপুরের জার্সিতে দেখা যেতে পারে ডেভিড মালানকেও।
আরও জানা গেছে, গত আসরের মতো এবারেও হেড কোচের দায়িত্বে থাকবেন মিকি আর্থার আর ব্যাটিং কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ আশরাফুল।
উল্লেখ্য, বিপিএলের বিপিএলের ১২তম জন্য ৫ দলের নাম চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস পেয়েছে রংপুর রাইডার্সের মালিকানা। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে।
এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।
আরটিভি/এসআর





