
ঢাকায় চলমান এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী বিভাগের বাংলাদেশের আর্চারদের মধ্যে দাপট দেখিয়েছেন উজ্জ্বল রাম কৃষ্ণ সাহা ও বন্যা আক্তার।
পুরুষদের রিকার্ভ বিভাগে ৬২ প্রতিযোগীর মধ্যে ৬৬৮ স্কোর গড়ে ষষ্ঠ হয়েছেন রাম কৃষ্ণ। বাংলাদেশের বাকি তিন আর্চার মোহাম্মদ রাকিব ৬৪৭ স্কোর নিয়ে ৩২তম, সাগর ইসলাম ৬৩৯ স্কোর নিয়ে ৩৮তম ও আব্দুর রহমান আলিফ ৬৩৭ স্কোর নিয়ে হয়েছেন ৪১তম।
রিকার্ভ পুরুষ এককের এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে বাংলাদেশের চার আর্চারই ‘বাই’ পেয়েছেন। রাম কৃষ্ণ সাহা দুটি ‘বাই’ পেয়ে এক লাফে পৌঁছে গেছেন সেরা-১৬-তে।
সেরা ২৪ এর লড়াইয়ে রাকিব মুখোমুখি হবেন চাইনিজ তাইপের লিউ তাই-ইয়েনের। র্যাঙ্কিং রাউন্ডে ২৪তম হওয়া মালয়েশিয়ার মুহাম্মাদ হাইকাল দানিশ শিয়ামসুল আফান্ডির প্রতিপক্ষ আলিফ। সাগর লড়বেন র্যাঙ্কিং রাউন্ডে ২৭তম হওয়া ভিয়েতনামের লি কুয়োক ফংয়ের সঙ্গে।
রিকার্ভ পুরুষ এককের কোয়ালিফিকেশন রাউন্ডে ৭২ তীর ছোঁড়ার লড়াইয়ে শুরু থেকে নিশানা ঠিক রেখেছিলেন রাম কৃষ্ণ সাহা। ৬২ প্রতিযোগীর মধ্যে ৬৬৮ স্কোর গড়ে তিনি হয়েছেন ষষ্ঠ। বাংলাদেশের আর্চারদের মধ্যে এ ইভেন্টে সেরা অবস্থানে থাকা রাম কৃষ্ণ এখন এলিমিনেশন রাউন্ডে সেরাটা নিংড়ে দিতে উন্মুখ হয়ে আছেন।
কম্পাউন্ড নারী বিভাগে বাংলাদেশের আর্চারদের মধ্যে সর্বোচ্চ ১২তম হয়েছেন বন্যা। ৬৯৩ স্কোর গড়েছেন তিনি। এটি তার ব্যক্তিগত সেরা স্কোর। কম্পাউন্ড ইভেন্টে দলীয় স্কোরেও রেকর্ড গড়েছে বাংলাদেশ (২০৬১)। আগের স্কোর ছিল ২০৪৫।
এ ছাড়াও বাংলাদেশের বাকি তিন আর্চার কুলসুম আক্তার ৬৮৮ স্কোর নিয়ে ১৭তম, পুষ্পিতা জামান ৬৮০ স্কোর নিয়ে ২৪তম ও মিথিলা আক্তার ৬৬২ স্কোর নিয়ে ৩২তম হয়েছেন। কম্পাউন্ড নারী এককে বাংলাদেশের চার আর্চারের মধ্যে তিন জন ‘বাই’ পেয়েছে উঠেছেন শেষ ষোলো এর মঞ্চে।
এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ পেরুতে মিথিলার প্রতিপক্ষ সৌদি আরবের রাঘাদ কাবি। কুলসুম শেষ ষোলোতে লড়বেন ইরানের ফাতেমেহ বাঘেরির বিপক্ষে। পুষ্পিতার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার পার্ক জং উন। বন্যার প্রতিপক্ষ ইরানের বিতা ওসকই আশেঘজাদেহ।
আরটিভি/এসআর




