এবার কুপ্রস্তাব ও হয়রানি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ক্রিকেটার রেশমা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৯ নভেম্বর ২০২৫ , ০৬:১৩ পিএম


এবার কুপ্রস্তাব ও হয়রানি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ক্রিকেটার রেশমা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন ক্রিকেটার জাহানারা আলম। এই পর থেকেই উত্তপ্ত ক্রিকেট পাড়া। জাহানারার পর নতুন করে মুখ খুলেছেন সাবেক জাতীয় ক্রিকেটার রেশমা আক্তার আদুরিও।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে রেশমা বলেন, জাহানারা মুখ খোলার পর মনে হলো, আমারও বলা উচিত। জাতীয় দলে জায়গা পাওয়া একজন মেয়ের আজীবনের স্বপ্ন। অথচ সেই পর্যায়ে গিয়েও অনেককে কুপ্রস্তাবের মুখোমুখি হতে হয়। প্রতিবাদ করলে ক্যারিয়ার শেষ হয়ে যায়। এই ভয়েই অনেকে চুপ থাকে।

তিনি বলেন, বিশ্বাস করবেন কি না জানি না—জাতীয় দলের ৯৯ ভাগ নারী ক্রিকেটারই জীবনের কোনো না কোনো সময় কুপ্রস্তাব পেয়েছেন। রেদোয়ান স্যারের সময় থেকে এখন পর্যন্ত নারী বিভাগে যারা দায়িত্বে ছিলেন, তাঁদের মধ্যে ৮০ ভাগ পুরুষই মেয়েদের উত্ত্যক্ত করেছেন। নানা সময় কুপ্রস্তাব, ভয় দেখানো থেকে শুরু করে মানসিক নির্যাতন। সবই ঘটেছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

অভিযোগের প্রমাণ নিয়ে রেশমার ভাষ্য, অনেকে এখন প্রমাণ চায়। কিন্তু কেউ কাউকে কুপ্রস্তাব দিলে কি সেটা রেকর্ড করে রাখে? আমি অনেক মেয়ের কান্না দেখেছি, অভিযোগ শুনেছি। প্রতিকার চেয়েও পাইনি। সেই অসহায়তাই আজ জাহানারাকে মুখ খুলতে বাধ্য করেছে।

রেশমা বলেন, বিকেএসপি ঘরানার কোচ নাজমুল আবেদীন ফাহিম স্যার। উনার আচরণ নিয়ে বহু নারী ক্রিকেটারের অভিযোগ আছে। উনি বিকেএসপির বাইরের মেয়েদের গুরুত্বই দেন না। উনার পক্ষপাতিত্ব ও চারিত্রিক আচরণ নিয়ে আমি বহুবার শুনেছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আব্দুল আউয়াল ভুলু স্যার কতভাবে জাহানারাকে হয়রানি করেছে, বোর্ডের অনেকে জানে। নির্বাচক সজল চৌধুরীর কুপ্রস্তাবে অনূর্ধ্ব–১৯ পর্যায়ের মেয়েরা ভোগান্তিতে পড়েছে। খেলাঘরের রুহুল আমিনও অনেক মেয়েকে উত্ত্যক্ত করেছেন বলে অভিযোগ পেয়েছি। সাজ্জাদ আহমেদ (শিপন স্যার) মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করেন, তবে চরিত্র নিয়ে খারাপ কিছু শুনিনি।

‘এমন পর্যায়ে গেছে যে এখন নারী বিভাগের অফিস সহকারীরাও জাতীয় দলের মেয়েদের অপমান করে কথা বলে। বিসিবির নারী বিভাগে নারীদেরই সম্মান নেই। সৎ ও যোগ্য মানুষ না এনে, অসৎ ও ব্যর্থ লোকদেরই বসানো হয়েছে।’

জাহানারার পাশে থাকার ঘোষণা দিয়ে রেশমা বলেন, জাহানারা, তুমি একা নও—আমিও তোমার সঙ্গে আছি। ভয় পাওয়ার কিছু নেই। আমি চাই তদন্ত হোক, বিচার হোক। মেয়েদের জন্য নিরাপদে খেলার পরিবেশ তৈরি করা হোক।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধেও অভিযোগের বিষয়ে রেশমা বলেন, আমার জানা মতে জাহানারার অভিযোগ শতভাগ সত্যি। সিনিয়র আপুরা মুখবুজে সহ্য করে গেছে, তাই জুনিয়ররা মুখ খুলতে ভয় পায়। এটা বদলাতে হলে নারী ক্রিকেটের ভিতর থেকেই পরিবর্তন আনতে হবে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission