
লিভারপুলের কাছে চ্যাম্পিয়নস লিগে হারের ক্ষত ভুলতে মাঠে নামলেও লা লিগায় জয় পায়নি রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়েকানোর বিপক্ষে তাদের মাঠে একের পর এক চেষ্টা করেও শেষ পর্যন্ত জিততে পারেনি সান্তিয়াগো বার্নাব্যুর দলটি। গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে রিয়ালকে। ম্যাচে রিয়াল দাপট দেখালেও দারুণ খেলে তাদের ঠিকই রুখে দিয়েছে ভায়েকানো।
ভায়োকানোর ঘরের মাঠ এস্তাদিও দে বায়েকাসে রোববার (৯ নভেম্বর) ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালিয়েও কোনো গোল করতে পারেনি রিয়াল। পাঁচটি নিশ্চিত সুযোগ ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলকিপার আগুস্তো বাতেল্লা।
এই ড্রয়ের পরও ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে এসেছে পাঁচে। ২৫ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আছে এই তালিকার তিনে। তবে কাতালুনিয়ারা এক ম্যাচ কম খেলেছে।
ম্যাচের শুরুতে রিয়াল বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ভায়োকানোর গোলকিপার বাতাল্লায় আটকে যায় সব।
তৃতীয় মিনিটে আর্দা গুলারের বক্সের বাইরে থেকে নেওয়া শট সেভ করেন বাতাল্লা। ২২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র বক্সের মাঝখান থেকে শট নেন, কিন্তু বাতাল্লা বল ফিরিয়ে দেন।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে রিয়াল। ৫৫ মিনিটে জুড বেলিংহাম বাঁ দিক থেকে জোরালো শট নেন, তবে বাতাল্লা নিচের বাঁ কোণ থেকে বল ঠেকিয়ে দেন।
৮১ মিনিটে দানি সেবাইয়োসের শটও লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৬ মিনিটে আলভারো কারেরাসের হেডার ব্লক করে ভায়োকানো। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
আরটিভি/একে




