বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ইতোমধ্যেই ঘোষিত হয়েছে পাঁচ দলের নাম, যেখানে সিলেটের সঙ্গে যুক্ত হয়েছে নতুন পরিচয় সিলেট টাইটান্স।
নতুন এই দলটি নিজেদের স্কোয়াডে যুক্ত করেছে কয়েকজন তারকা ক্রিকেটারকে। বিদেশি কোটা থেকে পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমির ও শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিসকে দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স। দলটির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশি ক্রিকেটারদের মধ্যে ইতোমধ্যে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অলরাউন্ডার মিরাজের কাঁধেই দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব।
কোচিং স্টাফেও এসেছে বেশ কিছু নতুন মুখ। দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ সোহেল ইসলাম। পেস বোলিং কোচের দায়িত্বে আছেন সৈয়দ রাসেল, আর ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন কিমস্লে রব।
উল্লেখ্য, গত বুধবার গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে ঘোষণা অনুযায়ী, বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস পেয়েছে রংপুর রাইডার্সের মালিকানা, ট্রায়াঙ্গাল সার্ভিস পেয়েছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি, নাবিল গ্রুপ পেয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেট উইথ সামি পেয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি এবং চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।
নতুন মৌসুমে তাই বিপিএলে দেখা যাবে পুরনো তারকাদের সঙ্গে নতুন কিছু সমীকরণও।
আরটিভি/এসকে




