কমলাপুর স্টেডিয়ামে সিনিয়র ডিভিশন ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানে বড় ধরনের বানান ভুল ধরা পড়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নতুন করে সমালোচনার মুখে পড়েছে। উদ্বোধনী মঞ্চসহ বিভিন্ন বোর্ডে ‘Football’ শব্দটির জায়গায় লেখা ছিল ভুল বানান ‘Footabll’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়।
ঘটনা ঢাকতে বাফুফের মিডিয়া বিভাগ ছবির কিছু অংশ কাটছাঁট করে প্রকাশ করলেও মাঠে থাকা সাংবাদিকদের চোখ এড়াতে পারেনি এই ভুল। মুহূর্তেই বিষয়টি প্রকাশ্যে আসে।
এ ঘটনায় দায় বর্তেছে মার্কেটিং বিভাগের ওপর। বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করার নির্দেশ দেন। পরে ফেডারেশনের সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে শোকজ নোটিশ ইস্যু করেন।
২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব নেওয়া নতুন কার্যনির্বাহী কমিটির অধীনে সম্প্রতি প্রথম বিভাগ লিগ আয়োজন শুরু হয়েছে। মাঠ সংকট কাটিয়ে নতুন টার্ফে খেলা শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বাফুফে সভাপতি। তিনি জানান, শিগগিরই পাইওনিয়ারসহ অন্যান্য লিগও মাঠে গড়ানোর পরিকল্পনা রয়েছে।
কমলাপুর স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করে নারী দল ও বয়সভিত্তিক দলগুলো। ব্যবহার বাড়ায় ফ্লাডলাইট সংস্কারের কাজকে গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। সভাপতি বলেন, ফ্লাডলাইটের উন্নয়ন কাজ শেষ হলে রাতেও ম্যাচ আয়োজন সম্ভব হবে।
উল্লেখ্য, উদ্বোধনী দিনের একমাত্র ম্যাচে ঢাকা ইউনাইটেড ২-১ গোলে নোফেল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। ১৮ দলের অংশগ্রহণে শুরু হওয়া এবারের প্রথম বিভাগ ফুটবল লিগ এবারও আনুষ্ঠানিক স্পন্সর ছাড়াই মাঠে গড়াল।
আরটিভি/এসকে



