ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচে মাঠে নেমে চার গোল করেছেন। তার চার গোলের মধ্যে দুই গোলেই সহায়তা করেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। মাঠের ভেতরে যেমন বোঝাপড়া দারুণ, তেমনি মাঠের বাইরেও হামজা সবচেয়ে বেশি ভরসা করেন জামালকে।
ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জামাল বললেন, হামজা বিদেশ থেকে এসেছে আমার মতো। আমাদের বোঝাপড়া খুব ভালো। হামজার যখন কোনো সমস্যা হয়, আমাকে টেক্সট বা কল করে। ফুটবল নিয়ে কোনো জিজ্ঞেস থাকলে আমি তাকে জিজ্ঞাসা করি। আমাদের এই আন্ডারস্ট্যান্ডিং মাঠের বাইরে থেকেই শুরু।
বাংলাদেশের জার্সিতে হামজার প্রথম গোল ভুটানের বিপক্ষে যেটি এসেছিল জামালের কর্নার থেকে। সর্বশেষ নেপালের বিপক্ষেও গোল পেয়েছেন তিনি, সেখানেও অ্যাসিস্ট জামালের। হামজার চার গোলের মধ্যে সবচেয়ে সুন্দর কোনটি?
জামালের উত্তর,বাইসাইকেল কিকের গোলটি অসাধারণ। আমার অ্যাসিস্ট থেকে তার দু’টি গোল এটা আমাকে খুশি করে।
তবে ব্যক্তিগত রসায়ন ভালো হলেও দলগত কারণে অনেক সময় প্রথম একাদশে জায়গা পান না জামাল ভূঁইয়া। ভারতের বিপক্ষে মাঠে নামবেন কি না—সেটিও নিশ্চিত নয়। এ নিয়ে জামাল বললেন, এটা কোচের সিদ্ধান্ত। আমি অবশ্যই খেলতে চাই। খেলতে না পারলে খারাপ লাগবে।
বাংলাদেশের দীর্ঘদিনের বড় সমস্যা ছিল গোলখরা। কিন্তু হামজা দলে আসার পর ভারত ছাড়া প্রতিটি ম্যাচেই গোল পেয়েছে বাংলাদেশ। যদিও মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার, তারপরও দারুণ গোল করে দলকে উজ্জীবিত করছেন তিনি।
কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, হামজা ছয় ম্যাচে চার গোল করেছে তার পজিশন যাই হোক, এটা অসাধারণ। সে আসার পর আমরা নিয়মিত গোল পাচ্ছি। তাকে সামনে বা পেছনে খেলার স্বাধীনতা দেওয়া হয়েছে, আর তা দলের জন্য খুবই ইতিবাচক।
আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের দৃষ্টি থাকবে এই দুইজনের দিকে। মাঠে নামলে জামাল, আর গোলের ধারাবাহিকতা ধরে রাখতে হামজা চৌধুরীর দিকে।
আরটিভি/এসকে



