বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে তিন ফরম্যাটে তিন আলাদা অধিনায়ক থাকায় এবার তাদের সহকারী হিসেবেও তিন সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নতুন সংযোজন হিসেবে উঠে এসেছেন তরুণ ব্যাটার সাইফ হাসান।
বিসিবির ঘোষণা অনুযায়ী, টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ২০২৭ সাল পর্যন্ত শান্ত টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। আর মিরাজ তার ডেপুটি হিসেবে থাকছেন।
অন্যদিকে, ওয়ানডে দলের নেতৃত্বে আছেন মেহেদী হাসান মিরাজ। যাকে চলতি বছরের জুনে এক বছরের জন্য অধিনায়ক করা হয়। এই ফরম্যাটে শান্তকে সহ-অধিনায়ক হিসেবে মনোনীত করেছে বিসিবি।
টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। যাকে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তার সহকারী হিসেবে মনোনীত হয়েছেন সাইফ হাসান। সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত ফরম্যাটে তার ধারাবাহিক ও নজরকাড়া পারফরম্যান্স তাকে এ দায়িত্ব এনে দিয়েছে।
তিন ফরম্যাটে তিন আলাদা অধিনায়ক ও সহ-অধিনায়কের এই কাঠামোকে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দেখছে বিসিবি, যা দলকে আরও স্থিতিশীল নেতৃত্ব ও কৌশলগত বৈচিত্র্য দেবে বলে আশা করা হচ্ছে।
আরটিভি/এসকে




