
দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেই মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। ইতিহাস গড়া এই টেস্টে ব্যাট হাতেও দুর্দান্ত এক সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন উইকেটকিপার এই ব্যাটার। প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেট হারিয়ে ২৯২ রান। দিন শেষে মুশফিক ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন, তার এই ইনিংসে ভর করে বড় সংগ্রহের পথে হাঁটছে বাংলাদেশ।
মুশফিকের সঙ্গে অন্যপ্রান্তে অপরাজিত থাকা ব্যাটার লিটন দাস ৪৭ রান নিয়ে দিন শেষ করেছেন। শততম টেস্টে সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে মুশফিক, আর লিটনের হাফ সেঞ্চুরি করতে প্রয়োজন মাত্র ৩ রান।
এর আগে বুধবার(১৯ নভেম্বর) সকালে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো সূচনা পেলেও দুই ওপেনারই হাফসেঞ্চুরি হাতছাড়া করে ফিরে যান। আইরিশ স্পিনার ম্যাকব্রাইনের বলে সাদমান ৩৫ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন। উদ্বোধনী জুটি ভাঙে ৫২ রানে। এরপর আরেক ওপেনার জয় ৩৪ রান করে ম্যাকব্রাইনের বলেই ক্যাচ দেন মিড-অফে।
চারে নেমে ব্যর্থ হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ওপেনার ফেরার পর যখন দল চাপে, তখন লং অন দিয়ে ছক্কা হাঁকিয়ে রানের খরা কাটেন শান্ত। কিন্তু পরের বলেই অভিজ্ঞ আইরিশ স্পিনার ম্যাথু ম্যাকব্রাইনের বলে বোল্ড হয়ে যান তিনি। বাংলাদেশ তৃতীয় উইকেট হারায় ৯৫ রানে।
এরপর দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক ও মুমিনুল দলের হাল ধরেন। দুজনে মিলে চতুর্থ উইকেট জুটিতে ১০৭ রান যোগ করেন। ১২৮ বলে ৬৩ রান করে সাজঘরে ফেরেন মুমিনুল। এরপর দিনের বাকিটা সময় লিটন দাসকে সঙ্গে নিয়ে দারুণভাবে পার করেন মুশফিক। দুজনের সাবলীল ব্যাটিংয়ে আইরিশদের ওপর চাপ সৃষ্টি করে বাংলাদেশ।
আরটিভি/এআর




