মানুষের সহমর্মিতা আর বিশ্বাসকে অবলম্বন করে ভয়াবহ প্রতারণার নাটক সাজিয়েছিলেন আয়ারল্যান্ডের কিংবদন্তি হালিং খেলোয়াড় ডিজে কেয়ারি। ক্যানসারে আক্রান্ত হওয়ার ভুয়া গল্প তৈরি করে তিনি নাকের ভেতর আইফোনের তার ঢুকিয়ে হাসপাতালের ছবি তোলেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। উদ্দেশ্য পরিবার, বন্ধু ও পরিচিতজনদের সহানুভূতি অর্জন করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া।
দীর্ঘদিনের এই প্রতারণায় সফলও হন তিনি। দেশটির শীর্ষ ধনীসহ বহু পরিচিত ব্যক্তি তার প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা দেন। মোট ৪ লাখ ইউরো, অর্থাৎ প্রায় ৫ কোটি ৬৫ লাখ টাকা সংগ্রহ করতে সক্ষম হন কেয়ারি।
তদন্তে বেরিয়ে আসে, ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত একের পর এক ভুয়া হাসপাতালের ছবি ব্যবহার করেই তিনি প্রতারণার জাল ছড়িয়েছেন। আদালতে কেয়ারি ১০টি প্রতারণার অভিযোগ স্বীকার করেন। তিনি জানান, ব্যাংক ঋণের চাপ ও আর্থিক সংকট থেকে বাঁচতেই তিনি এই পরিকল্পিত অভিনয় করেছিলেন।
ডাবলিন সার্কিট ক্রিমিনাল কোর্ট তাকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করে। বিচারক বলেন, কেয়ারির অসুস্থতার খবর শুনে যে সব মানুষ আন্তরিক সহায়তা করেছেন তারা মহানুভবতার পরিচয় দিয়েছেন, আর সেই সহমর্মিতার সুযোগ নেওয়ায় কেয়ারির কাজ “গভীরভাবে নিন্দনীয়”।
এই ঘটনায় হতবাক হয়ে পড়েছেন ডিজে কেয়ারির ভক্ত, বন্ধুবান্ধব ও আয়ারল্যান্ডের খেলাপ্রেমীরা।
আরটিভি/এসকে




