পার্থ টেস্ট দিয়ে শুরু হয়েছে অ্যাশেজের লড়াই। প্রথম টেস্টে মাত্র ২ দিনেই জয় তুলে নিয়েছে অজিরা। আর তাতেই বিপাকে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ম্যাচ দুদিনে শেষ হয়ে যাওয়ার ফলে ৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ক্ষতির আশঙ্কা করছে তারা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি টাকা।
সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।
পার্থ টেস্ট তৃতীয় দিনে গড়াতেই পারত। কিন্তু ট্রাভিস হেডের তাণ্ডবে তা শেষ হয়ে যায় দুই দিনেই। তার ৮৩ বলে ১২৩ রানের মারকুটে ইনিংসে মাত্র ২৮.২ ওভারেই ইংল্যান্ডের দেওয়া ২০৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
রান তাড়ায় ওভারপ্রতি ৭ এর বেশি রান করে তুলে অস্ট্রেলিয়া। হেড সেঞ্চুরি করেছিলেন ৬৯ বলে, যা রান তাড়ায় চতুর্থ ইনিংসে সবচেয়ে দ্রুততম। শুধু হেড নন, ইংল্যান্ডের বাজবল অ্যাপ্রোচে খেলেছেন অস্ট্রেলিয়ার বাকিরাও।
মার্নাস লাবুশেন ৪৯ বলে করেন ৫১, জ্যাক ওয়েদারেল্ডের ব্যাট থেকে ৩৪ বলে আসে ২৩। এতে ইংল্যান্ডের দেওয়া ২০৫ রানের লক্ষ্য ২৮.২ ওভারেই পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।
গত বছর ভারত ও অস্ট্রেলিয়ার চারদিনের পার্থ টেস্টে সর্বমোট দর্শক ছিলেন ৯৬ হাজার ৯৮৩ জন। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের এবারের ম্যাচ সেটিকে ছাপিয়ে গেছে।
এবার দুদিনেই উপস্থিত ছিলেন এক লাখ ১ হাজার ৫১৪ জন দর্শক; প্রথম দিন ৫১ হাজার ৫৩১ ও দ্বিতীয় দিন ৪৯ হাজার ৯৮৩। ক্রিকইনফো বলছে, তৃতীয় দিনের সব টিকিটও প্রায় বিক্রি হয়ে গিয়েছিল।
বাজবল অ্যাপ্রোচ শুরু করার পর ইংল্যান্ডের কোনো টেস্ট পঞ্চম দিনে গড়ানোর সম্ভাবনা কমে গেছে। অস্ট্রেলিয়া ক্ষতি হিসাব করছে তৃতীয় ও চতুর্থ দিন বিবেচনায় নিয়ে।
ম্যাচ শেষে ট্রাভিস হেড সমর্থকদের কথা চিন্তা করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, কাল যারা আসতে পারছে না, তাদের জন্য খারাপ লাগছে। আমার মনে হয় আবারও হাউজফুল ছিল।
আরটিভি/এসআর




